তদন্ত কর্মকর্তাকে জেরার দিন পুনর্নির্ধারণ: কায়সারের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ৩২তম সাক্ষী ও এই মামলার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগমকে জেরার দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের এই ট্রাইব্যুনাল গতকাল রোববার এ আদেশ দেন।
এই মামলার শেষ সাক্ষী মনোয়ারা বেগম ২ ও ৭ জুলাই জবানবন্দি দেন। এরপর তাঁকে জেরা শুরু করে আসামিপক্ষ। গতকাল তাঁর অসমাপ্ত জেরার ধার্য দিনে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে বলে, তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম অসুস্থ। তাঁকে হাজির করার জন্য সময়ের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। পরে ট্রাইব্যুনাল জেরার জন্য ২০ জুলাই দিন পুনর্নির্ধারণ করেন।
কায়সারের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য ৫০০-৭০০ স্বাধীনতাবিরোধীকে নিয়ে নিজের নামে ‘কায়সার বাহিনী’ গঠন করেন। কায়সারের নেতৃত্বে ওই বাহিনী গণহত্যা, হত্যা, লুণ্ঠন, ধর্ষণসহ নানা ধরনের মানবতাবিরোধী অপরাধে অংশ নেয়।