চট্টগ্রাম বন্দরে তেলের চালানে কোকেন জব্দের ঘটনায় চোরাচালান আইনের মামলায় তদন্ত শেষ না হওয়ায় তদন্ত কর্মকর্তার কাছে এর ব্যাখ্যা চেয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধে৵ সশরীরে আদালতে হাজির হয়ে তাঁকে এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান এই আদেশ দেন। মামলাটি তদন্ত করছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, কোকেন জব্দের ঘটনায় চোরাচালান আইনের মামলায় মঙ্গলবার আদালতে ধার্য দিন ছিল। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তদন্ত কর্মকর্তা তদন্তের অগ্রগতি আদালতকে জানাননি। এ কারণে আদালত তদন্ত কর্মকর্তার কাছে এর ব্যাখ্যা চেয়েছেন। আগামী ১৫ দিনের মধে৵ হাজির হয়ে তাঁকে ব্যাখ্যা দিতে বলেছেন।
২০১৫ সালের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে বলিভিয়া থেকে আসা সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে ১টি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়।
কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় ২০১৫ সালের ২৭ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে আদালতের নির্দেশে চোরাচালানের অভিযোগে এই মামলায় বিশেষ ক্ষমতা আইনের ধারাও সংযোজন করা হয়। সাড়ে চার মাস তদন্তের পর ২০১৫ সালের নভেম্বরে আটজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগপত্র আদালতে দেয় গোয়েন্দা পুলিশ। আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে র্যাবকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। তেলের চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ, তাঁর ভাই মোস্তাক আহমেদসহ ১০ জনকে আসামি করে গত ৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও র্যাব-৭ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী।
চোরাচালান মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান গতকাল রাতে বলেন, ‘আদালতের নির্দেশনা এখনো হাতে পাইনি। তবে তদন্ত দ্রুত শেষ করে প্রতিবেদন দেওয়ার চেষ্টা চলছে।’