তদন্ত কর্মকর্তাকে দেওয়া চারজনের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তাকে দেওয়া আট সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য রাষ্ট্রপক্ষের আবেদন আংশিক মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আটজনের মধ্যে চারজনের জবানবন্দি সাক্ষ্য হিসেবে নেওয়া হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বুধবার এই আদেশ দেন। আদেশে বলা হয়, রাষ্ট্রপক্ষের সাক্ষী জ্যোৎস্না বালা চৌধুরী, জানতি বালা চৌধুরী ও আবুল বসর মারা গেছেন এবং বাদল বিশ্বাস ভারতে চলে গেছেন। এ জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯(২) ধারায় তদন্ত কর্মকর্তাকে দেওয়া তাঁদের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হলো। কিন্তু রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুসারে বাকি চারজন ‘নিখোঁজ’ সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন খারিজ করা হলো।ট্রাইব্যুনাল আদেশে আরও বলেন, গত মঙ্গলবার রাষ্ট্রপক্ষ আরও দুটি আবেদনের শুনানি করেছে। এ মামলার অভিযোগ গঠনের আদেশের একটি স্থানে সংশোধনের আবেদন গ্রহণ করা হয়।তবে অতিরিক্ত নথিপত্র দাখিলসংক্রান্ত রাষ্ট্রপক্ষের আরেকটি আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল।ট্রাইব্যুনাল আসামিপক্ষের দুটি আবেদনও খারিজ করেন। এগুলো হলো রাষ্ট্রপক্ষের দুজন সাক্ষীকে আবার জেরার আবেদন এবং অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে সাকা চৌধুরীর আবেদনের ওপর দেওয়া আদেশ (১৭ নম্বর আদেশ) প্রত্যাহারের আবেদন। এ বিষয়ে আদেশে ট্রাইব্যুনাল বলেন, রাষ্ট্রপক্ষের ১৭ ও ১৮তম সাক্ষীকে আসামিপক্ষ জেরা করতে পারেনি বলে আবার জেরার যে আরজি জানিয়েছে, তা সঠিক নয়। সে সময় আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সালমা হাই ছিলেন, এমনকি আসামি নিজেই সাক্ষীদের জেরা করেছেন। এ জন্য তাঁদের আবার জেরার আবেদন খারিজ করা হলো।তদন্ত কর্মকর্তার জবানবন্দি শেষ: এদিকে এই মামলার তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের ৪১তম সাক্ষী সহকারী পুলিশ সুপার মো. নূরুল ইসলাম গতকাল জবানবন্দি দেওয়া শেষ করেছেন। ৩ জুন আসামিপক্ষ তাঁকে জেরা করবে।