তদন্ত কর্মকর্তাকে সাঈদীর আইনজীবীর জেরা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্তকারী কর্মকর্তা হেলালউদ্দিনকে গতকাল বুধবার জেরা শুরু করেছেন আসামিপক্ষের আইনজীবী। রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী (২৮তম) হিসেবে হেলালউদ্দিনের জবানবন্দি শেষ হয় গত মঙ্গলবার।গতকাল সকাল সাড়ে ১০টায় বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম শুরু হয়। বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা দুটি আবেদন খারিজ এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মামলা ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরের আদেশের পর বিকেল পৌনে তিনটায় তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু হয়।শুরুতে সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম যথেষ্ট প্রস্তুতি নেই জানিয়ে ৭ মে পর্যন্ত জেরা মুলতবির আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আবেদন খারিজ করে জেরা শুরুর নির্দেশ দেন।জেরায় আসামিপক্ষের আইনজীবীর এক প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, পিরোজপুর আদালতে করা মামলায় সাঈদীর নামের শেষে শিকদার অথবা দেলু ওরফে দেইল্লা শব্দ নেই। আসামিপক্ষের আইনজীবী প্রশ্ন করেন, এ মামলার অভিযোগকারী মাহবুবুল আলম হাওলাদার পিরোজপুর আদালতে একটি মামলা করেছিলেন। এটা জানেন? তিনি হ্যাঁ-সূচক জবাব দেন।সাক্ষী মানিক পসারি ২০০৯ সালের ১২ আগস্ট পিরোজপুর আদালতে সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন—আইনজীবীর এ প্রশ্নের জবাবে হেলালউদ্দিন বলেন, হ্যাঁ। ওই মামলায় ঘটনার তারিখ ৮ মে ১৯৭১ উল্লেখ আছে।জেরা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।সাকা চৌধুরীর দুই আবেদন খারিজ: সকালে ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম শুরু হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর দুটি আবেদন খারিজ করে আদেশ দেন ট্রাইব্যুনাল। আবেদন দুটি হলো: অভিযোগ থেকে অব্যাহতির আবেদন পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন এবং অভিযোগ গঠনের আদেশ প্রত্যাহার (রিকল) ও সম্পাদনা (এডিট) চেয়ে আবেদন।ট্রাইব্যুনাল বারবার একই ধরনের আবেদনের বিষয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন। শুনানিতে সাকা চৌধুরীর পক্ষে আইনজীবী ফখরুল ইসলাম ও রাষ্ট্রপক্ষে কৌঁসুলি জেয়াদ আল মালুম অংশ নেন।অভিযোগ গঠনের আদেশ প্রত্যাহার (রিকল) ও সম্পাদনা (এডিট) চেয়ে করা আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল আদেশে বলেন, অভিযুক্ত ব্যক্তি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। আইনের বিধান হলো, অভিযুক্ত ব্যক্তিকে দোষ স্বীকার অথবা নির্দোষ দাবি করতে হবে। এর বাইরে অন্য কিছু বলার সুযোগ নেই।পরে ফখরুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান, সাকা চৌধুরীর দাঁতে সমস্যা দেখা দিয়েছে। তিনি সাকা চৌধুরীকে ট্রাইব্যুনাল থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দাঁতের চিকিৎসার বিষয়ে মৌখিক আবেদন করেন। ট্রাইব্যুনাল নিরাপত্তা কর্মকর্তাকে ডেকে তাঁর দায়িত্বে তাঁকে হাসপাতালে নিতে পারবেন কি না, জানতে চান। নিরাপত্তা কর্মকর্তা নিরুত্তর থাকলে ট্রাইব্যুনাল বলেন, মনে হচ্ছে সম্ভব না। পরে ট্রাইব্যুনাল কাশিমপুর কারা কর্তৃপক্ষকে যথাশিগগির সম্ভব সাকা চৌধুরীর দাঁতের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।মুজাহিদের মামলা স্থানান্তর: মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ গতকাল এ আদেশ দেন।