তদন্ত কর্মকর্তাকে সাক্ষ্য দিতে সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচার মামলার তদন্ত কর্মকর্তাকে সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি করেছেন আদালত। এই তদন্ত কর্মকর্তা হলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. ইব্রাহিম। তিনি এ মামলার শেষ সাক্ষী। গতকাল মঙ্গলবার এ মামলার আরেক সাক্ষী দুদকের উপপরিচালক সৈয়দ তাহসিনুল হককে আসামিপক্ষের জেরার জন্য দিন ধার্য ছিল। কিন্তু জেরা না করে আসামি গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে সময়ের আবেদন করা হয়। তাতে বলা হয়, এই মামলার কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। তা শুনানির অপেক্ষায় রয়েছে। এটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখার আবেদন করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ১৩ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন এবং তদন্ত কর্মকর্তার প্রতি সমন জারি করেন। ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় তারেক ও মামুনের বিরুদ্ধে দুদক এ মামলা করে। ২০১০ সালের ৬ জুলাই আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১১ সালের ৮ আগস্ট তারেক রহমানকে পলাতক দেখিয়ে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ মে এ মামলার প্রধান আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পরোয়ানা জারি করেছেন আদালত।