তদন্ত কর্মকর্তাকে ২২ মার্চ সাক্ষ্য দিতে আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ঘোপালে স্কুলছাত্র আলাল মিয়া (৯) হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) দেওয়ান গোলাম সারওয়ারকে আগামী ২২ মার্চ সাক্ষ্য দিতে আদালত নির্দেশ দিয়েছেন। সিলেট মহানগর দায়রা জজ আদালতে গতকাল বুধবার সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখে আইও সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় বিচারক মকবুল হোসেন মৃধা এক আদেশে আইওকে ২২ মার্চ সাক্ষ্য দিতে এ নির্দেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত আইওকে ওই তারিখে সাক্ষ্য দিতে বাড়ির ঠিকানা ও মুঠোফোন নম্বরে ‘প্রসেস’ পাঠানোর নির্দেশ দিয়েছেন। এরপরও সাক্ষ্য দিতে না এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৯৯৭ সালের ১৯ ডিসেম্বর সিলেট কোতোয়ালি থানার অধীন ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আলাল মিয়া হত্যাকাণ্ডের সময় দেওয়ান গোলাম সারওয়ার সিলেট কোতোয়ালি থানায় উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। আলাল হত্যা মামলার তদন্ত শেষে ২০০৩ সালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ আদালতে অভিযোগপত্র দাখিল করলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার ২৯ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য শেষ হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষী তিনি। পুলিশের চাকরি ছেড়ে দেওয়ায় প্রায় সাত বছর ধরে তাঁর সাক্ষ্য দেওয়ার অপেক্ষায় রয়েছে মামলার বাদীপক্ষ।
এ নিয়ে ৭ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘এক সাক্ষীর জন্য ১৯ বছর অপেক্ষা!’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। গত রোববার যোগাযোগ করলে আদালতে সাক্ষ্য দিতে না আসার কারণ সম্পর্কে গোলাম সারওয়ার চাকরি ছেড়ে দেওয়া ও পারিবারিক কারণে ব্যস্ততার কথা জানিয়ে পরবর্তী কোনো তারিখে সাক্ষ্য দিতে আসবেন বলে প্রথম আলোকে জানিয়েছিলেন।