তদন্ত কর্মকর্তাদের দুর্নীতি খতিয়ে দেখার নির্দেশ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়োজিত তদন্ত দল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অনিয়ম-দুর্নীতি তদন্ত করতে গিয়ে ওই সংস্থার গাড়ি ব্যবহার ও অন্য কী কী সুবিধা নিয়েছে, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন দুদকের চেয়ারম্যান গোলাম রহমান।দুদকের চেয়ারম্যান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ১৭ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘সিটি করপোরেশনের গাড়ি দুদক তদন্ত দলের কাছে’ শিরোনামের প্রতিবেদন তিনি পড়েছেন। যে দলকে দুর্নীতি তদন্তে পাঠানো হয়, তারা নিজেরাই যদি সুযোগ-সুবিধা নেয়, তা হবে শর্ষের ভেতরেই ভূত থাকার মতো।দুদকের চেয়ারম্যান বলেন, ‘আমাদের সচিবকে নির্দেশ দিয়েছি, শুধু গাড়ি নয়, তদন্ত দলের লোকেরা কে কোথায় কী সুযোগ-সুবিধা নিচ্ছেন, তা খুঁজে বের করতে। এসব তথ্য পাওয়ার পর আমরা ব্যবস্থা নেব। পাশাপাশি সংস্থাগুলোকেও চিঠি লিখব, তারা কেন সুবিধা দেয়।’সরকারি যানবাহন বিধিমালা অনুযায়ী সিটি করপোরেশনের গাড়ি দুদক বা অন্য কোনো সংস্থার কর্মকর্তাদের ব্যবহারের সুযোগ নেই।