তদন্ত কর্মকর্তার আংশিক সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে দুই শিশুসহ নারী খুনের মামলায় তদন্ত কর্মকর্তা আংশিক সাক্ষ্য দিয়েছেন। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে আদালত মুলতবি ঘোষণা করে ২৯ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দীন চৌধুরী প্রথম আলোকে জানান, মামলার তদন্ত কর্মকর্তা নগরের পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলায়মানের সাক্ষ্য শুরু হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন, মানচিত্র অঙ্কন, আসামির জবানবন্দিতে খুনের ঘটনা স্বীকার করার বিষয়ে সাক্ষ্য দেন। পরে আদালত মুলতবি ঘোষণা করে পরবর্তী দিন ধার্য করেন।
২০১২ সালের ২৩ অক্টোবর নগরের বহদ্দারহাট খতিবের হাট এলাকায় প্রবাসীর স্ত্রী ডলি আক্তার ও তার দুই শিশুপুত্র আলবি ও আদিবাকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে গৃহশিক্ষক তারেক চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বাবা ইসহাক বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করলে পুলিশ তারেক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।