নারী চিকিৎসক শামারুখ মাহজাবীন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার কার্যক্রম ও আচরণের ওপর অনাস্থা প্রকাশ করেছে মামলার বাদীপক্ষ। আজ শনিবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে নিহত শামারুখের বাবা নুরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
মামলাটির তদন্তের দায়িত্বে আছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্সী রুহুল কুদ্দুস।
লিখিত বক্তব্যে নুরুল ইসলাম বলেন, ‘মামলার তদন্ত চলছে অথচ বিবাদী পক্ষের কাউকে ডেকে এখনো পর্যন্ত কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। অথচ আমি বাদীপক্ষ হয়েও আমার পরিবারের তিন সদস্যকে তাঁর ঢাকার মালিবাগ কার্যালয়ে ডেকে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা জেরা করেছেন এবং মামলার মেরিট সম্পর্কে তিনি “নেগেটিভ কমেন্টস” (নেতিবাচক মন্তব্য) করেছেন। তদন্ত কর্মকর্তার জেরার ধরন দেখে মনে হয়েছে খুন যেন আমরাই করেছি। এ ছাড়া আমার মেয়ের দুই ডাক্তার বান্ধবীকে তাঁর অফিসে ডেকে জেরা করেছেন।’
নুরুল ইসলাম আরও বলেন, ‘তদন্ত কর্মকর্তা রুহুল কুদ্দুসের বাড়ি নড়াইল জেলায়। মামলার প্রধান আসামি খান টিপু সুলতানের বাপ-দাদার বাড়িও নড়াইলে। তা ছাড়া আমার মেয়ের হাতে পড়া টিপু সাহেবের সেইসব দুর্নীতি-জালিয়াতির ডকুমেন্ট (দলিল) উদ্ধার করতে বলেছিলাম, কিন্তু তিনি তা করেননি।’
তদন্ত কর্মকর্তার এ ধরনের আচরণ অন্য ইঙ্গিত বহন করে মন্তব্য করে তিনি সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা বদলের দাবি জানান।
শামারুখের লাশের পুনঃময়নাতদন্তে ‘হত্যা’ করার মতো কোন বিষক্রিয়ার আলামত পাওয়া যায়নি। এ ছাড়া শরীরের অধিকাংশ স্থানে পচনের সৃষ্টি হওয়ায় গলাটিপে কিংবা শ্বাসরোধে হত্যা করার বিষয়ে নিশ্চিত হতে পারেনি মেডিকেল দল। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলে নুরুল ইসলাম মেয়েকে ‘হত্যা’ করা হয়েছে দাবি করে আজ সংবাদ সম্মেলন করে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
অভিযোগের ব্যাপারে জানতে মামলার তদন্ত কর্মকর্তা এএসপি মুন্সী রুহুল কুদ্দুসের মোবাইল ফোনে একাধিকবার যোগযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
মামলা সূত্রে জানা গেছে, যশোর-৫ (মণিরামপুর) আসনের সরকারদলীয় সাবেক সাংসদ খান টিপু সুলতানের রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গত বছরের ১৩ নভেম্বর শামারুখের লাশ উদ্ধার করা হয়। শামারুখ টিপু সুলতানের পুত্রবধূ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে ১৪ নভেম্বর যশোরে লাশ দাফন করা হয়। প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যার কথা উল্লেখ করায় তা প্রত্যাখ্যান করে বাদীপক্ষ। তারা পুনঃময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করেন। বিষয়টি আমলে নিয়ে আদালত ১৮ ডিসেম্বরের মধ্যে পুনরায় লাশ উত্তোলন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। এরই অংশ হিসেবে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে লাশ উত্তোলন করে শামারুখের শরীর ও কবরের ১১টি নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়।