
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী ও এ মামলার তদন্ত কর্মকর্তা আলতাফুর রহমানের জবানবন্দি গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল তদন্ত কর্মকর্তা দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেন। তাঁর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। অসুস্থ থাকায় আলীমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। গতকাল জবানবন্দিতে আলতাফুর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রকাশিত বিভিন্ন বই, দলিলপত্র, নথি ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেন। জবানবন্দি শেষ হলে আলতাফুর রহমানকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী হুজ্জাতুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। আলতাফুর রহমান গত বুধবার জবানবন্দি দেওয়া শুরু করেন। এ মামলায় এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের ৩৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।