তদন্ত কর্মকর্তার জবানবন্দি শেষ, জেরা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান গতকাল বৃহস্পতিবার জবানবন্দি শেষ করেছেন। জবানবন্দি শেষে তাঁকে জেরা শুরু করে আসামিপক্ষ। পরে জেরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনাল-১-এ তদন্ত কর্মকর্তার জবানবন্দি ও জেরাকালে আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।
গতকাল দ্বিতীয় দিনের জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী আবদুর রাজ্জাক খান বলেন, মামলাটি সরেজমিনে তদন্ত করে প্রাপ্ত সাক্ষ্য ও দালিলিক প্রমাণাদিতে তিনি একাত্তরে জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘের নিখিল পাকিস্তানের সভাপতি ও আলবদর বাহিনীর প্রধান নিজামীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রাথমিক প্রমাণ পান। এ জন্য তিনি ২০১১ সালের ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
গতকাল জবানবন্দির বেশির ভাগ সময়জুড়ে তদন্ত কর্মকর্তা তদন্তকালে কবে, কোথায় মামলাসংক্রান্ত সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করেছেন, তা উল্লেখ করেন। এ সময় তিনি আরও বলেন, সহযোগী তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম ২০১১ সালের ১০ মার্চ শ্যামলী নাসরীন চৌধুরী এবং গত বছরের ২৫ আগস্ট সৈয়দা সালমা মাহমুদের জবানবন্দি লিপিবদ্ধ করেন।
জবানবন্দি শেষে আবদুর রাজ্জাক খানকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।
ইকোনমিস্ট-এর বিষয়ে আদেশ ৪ নভেম্বর: যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের জন্য ৪ নভেম্বর দিন পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল-১। গতকাল এই আদেশের জন্য দিন ধার্য ছিল।