কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার ১৮তম সাক্ষী ও মামলার প্রথম তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহির হোসেনকে জেরা শেষ হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তাঁকে জেরা করা হয়।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে জানান, কাল মঙ্গলবার মামলার বাদী অসিত কুমারকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। আসামিরা উচ্চ আদালতে আবেদন করায় বাদীকে ফের জেরার জন্য হাজির হতে নির্দেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মোট ১৮ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।