সাভারের আমিনবাজারে ছয় ছাত্র হত্যা মামলার তদন্ত কর্মকর্তা খুনিদের বাঁচানোর চেষ্টা করছেন বলে অভিযোগ নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজনের। তাঁদের অভিযোগ, এ ঘটনায় সাভার থানার অপসারিত ভারপ্রাপ্ত কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগ দিয়ে হত্যা মামলাটিকে প্রভাবিত করার চেষ্টা করছেন। গতকাল সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সেখানে ছয় ছাত্রের অভিভাবক, সহপাঠী, শিক্ষক ও কয়েকজন এলাকাবাসী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পড়ে শোনান নিহত ছাত্র টিপু সুলতানের মা কাজী নাজমা সুলতানা। এ সময় নিহত কামরুজ্জামান কান্তর মা কুসুম আক্তার, ইব্রাহিম খলিলের মা বিউটি বেগম, তৌহিদুর রহমানের মা শাহানুর বেগম, বেঁচে যাওয়া কিশোর আল-আমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৭ জুলাই ছয় ছাত্রকে আমিনবাজারের বড়দেশী গ্রামে পুলিশের সহায়তায় পিটিয়ে হত্যা করে মাদক ব্যবসায়ীরা। এরপর বিচার বিভাগীয় ও পুলিশ সদর দপ্তরের পৃথক দুটি তদন্ত কমিটির সুপারিশে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দুজন উপপরিদর্শকসহ (এসআই) নয় পুলিশকে বরখাস্ত করা হয়। কিন্তু এর কয়েক দিনের মধ্যেই বরখাস্ত হওয়া ওসি মাহাবুবুর রহমানকে ঢাকা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। তিনি এখনো মামলাটিকে প্রভাবিত করছেন বলে অভিযোগ স্বজনদের।তবে ওসি মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ অভিযোগ ডাহা মিথ্যা। এলাকার লোকজন ছেলেগুলোকে হত্যা করেছে। আমি তো আর হত্যা করি নাই। আমি কেন মামলা প্রভাবিত করতে যাব।’ তাঁদের অভিযোগ, সাত মাস পেরিয়ে গেলেও তদন্ত কর্মকর্তা খুনিদের চিহ্নিত করতে পারেনি। খুনিদের বাঁচিয়ে দেওয়ার জন্য তিনি প্রচুর টাকা উৎকোচ নিচ্ছেন।তবে তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার (এএসপি) সিরাজুল হক এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তদন্ত চলছে। হত্যাকারীরা অবশ্যই ধরা পড়বে। তবে তাঁর আগে জোরালো তথ্য-প্রমাণ সংগ্রহ করতে সময় লাগছে। সংবাদ সম্মেলনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, আসামিদের কাছ থেকে সুবিধা নিচ্ছে—কারও বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।