তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে মারামারি ও চুরির একটি মামলায় ১০ মাসের শিশু এবং মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটি অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম এই আদেশ দেন। একই সঙ্গে আদালত মামলার বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী হাবিবুর রহমান।
গত রোববার আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই মারুফুল ইসলাম। তিনি লিখিতভাবে আদালতকে বলেন, তিনি অনিচ্ছাকৃতভাবে শিশু ও মৃত ব্যক্তির নামে অভিযোগপত্র দিয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার ঘটনা প্রমাণিত হওয়ায় তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। আর বাদী ইচ্ছাকৃতভাবে শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করায় তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, মারামারি ও চুরির অভিযোগ এনে ১০ মাসের শিশু রুবেল ও চার বছর আগে মারা যাওয়া আরিফুর রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে গত বছরের ২৬ জুন মামলা করা হয়। তদন্ত শেষে গত ২৭ ফেব্রুয়ারি রুবেল, আরিফসহ ২৩ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন পুলিশ কর্মকর্তা মারুফুল। আসামিপক্ষের আইনজীবীরা বিষয়টি নিয়ে আদালতে লিখিত অভিযোগ জানালে গত ৩০ এপ্রিল আদালত তদন্ত কর্মকর্তাকে তলব করেন। এ নিয়ে ৯ মে প্রথম আলোয় ‘১০ মাসের শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।