তদন্ত কর্মকর্তার সঙ্গে আসামিরা ঘুরে বেড়ান!
লক্ষ্মীপুর শহরের মো. আলমগীর নামের এক ফল ব্যবসায়ী ছিনতাইয়ের মামলা করে আসামিদের হুমকির মুখে এখন পালিয়ে বেড়াচ্ছেন। আসামিরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও এ মামলার আসামিরা তদন্ত কর্মকর্তার সঙ্গে ঘুরে বেড়ান বলেও অভিযোগ করেছেন বাদী। পুলিশ সূত্র ও এজাহারের বিবরণ অনুযায়ী, গত ১২ মে রাতে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে অস্ত্রের ভয় দেখিয়ে সদর উপজেলার চর লামচি গ্রামের আবুল বাশার, আরজন সর্দার ও মনির হোসেন নামের তিন ব্যক্তি ফল ব্যবসায়ী আলমগীরকে জোর করে মোটরসাইকেলে তুলে নেন। পরে তাঁর সঙ্গে থাকা এক লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন তাঁরা। এ ঘটনায় পরদিন সদর থানায় ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেন আলমগীর। পরবর্তী সময়ে লক্ষ্মীপুর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।মামলার বাদী আলমগীর গতকাল সোমবার প্রথম আলোর কাছে অভিযোগ করেন, আসামিরা তাঁকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন। তা না হলে তাঁকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছেন। আলমগীর আরও দাবি করেন, এ ঘটনায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ সুপারের কাছে আবেদন করলে আসামি গ্রেপ্তারের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এর প্রায় এক মাস পরও আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না। বাদী আলমগীরের অভিযোগ, আসামিরা তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালামের সঙ্গে থানায় ঘুরে বেড়ান। এ অভিযোগ অস্বীকার করে তদন্ত কর্মকর্তা বলেন, এ অভিযোগ সত্য নয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।