তদন্ত কর্মকর্তার সাক্ষ্য অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুই শিশুসহ এক নারীকে খুনের মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য অব্যাহত আছে।

গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মানের আংশিক সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে আদালত আগামীকাল বুধবার পরবর্তী দিন ধার্য করেন।

২০১২ সালের ২৩ অক্টোবর নগরের পাঁচলাইশ বহদ্দারহাটের খতিবেরহাট এলাকায় প্রবাসীর স্ত্রী ডলি আক্তার এবং তাঁর দুই শিশু আলবি ও আদিবাকে বাসায় নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ডলির বাবা মো. ইসহাক বাদী হয়ে গৃহশিক্ষক তারেক চৌধুরীকে আসামি করে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন।

২০১৩ সালের ৩ এপ্রিল আসামি তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলায় মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন আদালত।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, ঘটনার পরদিন ওই বাসার গৃহশিক্ষক তারেক চৌধুরীকে খতিবেরহাট এলাকা থেকে আটক করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী নিহত ডলি আক্তারের মুঠোফোন উদ্ধার করা হয়। আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার দায় স্বীকার করে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।