একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিলের শুনানিতে গতকাল মঙ্গলবার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য উপস্থাপন শুরু করেছে আসামিপক্ষ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল পঞ্চম দিনের মতো নিজামীর আপিলের শুনানি হয়।
নিজামীর আইনজীবী এস এম শাহজাহান গতকাল পেপারবুক থেকে নিজামীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭ ও ১৬তম সাক্ষীর দেওয়া সাক্ষ্য উপস্থাপন শেষ করেন। পরে তিনি তদন্ত কর্মকর্তার সাক্ষ্য উপস্থাপন শুরু করেন। তাঁকে সহযোগিতা করেন শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে গত বছরের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। সেখানে নিজামীর বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে চারটি অভিযোগে তাঁকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়। ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামী। গত ৯ সেপ্টেম্বর ওই আপিলের শুনানি শুরু হয়।
নিজামীর বিরুদ্ধে মামলার রায়ে ট্রাইব্যুনাল বলেছিলেন, ১৯৭১ সালে জামায়াতের তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন নিজামী, যা পরে আলবদর বাহিনীতে পরিণত হয়। গুপ্তঘাতক আলবদর বাহিনীই মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তানি সেনাদের সঙ্গে মিলে বুদ্ধিজীবী নিধন চালায়। ফলে আলবদরের কৃতকর্মের দায়দায়িত্ব নেতা হিসেবে নিজামীর ওপর বর্তায়।