বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা হুমায়ুন কবির সাব্বিরকে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার আরমানের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন শুনানি শেষে ২৭ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, এ মামলার বাদী নিহত সাব্বিরের ভগ্নিপতি এ এস এম আসিফ ও বাবা হাসেম চৌধুরীসহ ২৮ জনের সাক্ষ্য হয়েছে। ঘটনার প্রত্যক্ষ সাক্ষী রাত্রি ও পাপিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাই তাঁরা এ মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী। কিন্তু সমন জারির পরও তাঁদের পাওয়া যাচ্ছে না। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা তাঁর সাক্ষ্যে বলেন, ২০০৭ সালের ১৮ জুন তিনি মামলার তদন্তভার গ্রহণ করেন। তিনি আগের তদন্ত কর্মকর্তার কাছ থেকে মামলার নথি বুঝে নিয়ে তদন্ত শুরু করেন। এ মামলার পলাতক আসামি বুসন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমের ছেলে সাফায়াত সোবহান সানবীরকে গ্রেপ্তারের জন্য ‘রেড নোটিশ’ জারি করার ব্যবস্থা করা হয়। তদন্ত কর্মকর্তা আরও বলেন, যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে সানবীর বিদেশে গেছেন, তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। সাব্বির হত্যাকাণ্ডে দুটি গাড়ি ব্যবহূত হয়েছে। দুটি গাড়ির মধ্যে একটি গাড়ি বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা খলিলুর রহমানের জিম্মায় দেওয়া হয়েছে। তদন্ত শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সানবীর, সামছুজ্জামান, খায়রুল ও হুমায়ুন কবিরের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ও ২০১ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়। আসামি সামছুদ্দিন ও উজ্জ্বল আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আইনজীবী মাহবুব আহমেদ, এ এফ এম আবদুল ওয়াদুদ ও টি এম আকবর। পলাতক আসাসি সানবীরের পক্ষে ছিলেন গাজী শাহ আলম।২০০৬ সালের ৪ জুলাই রাতে রাজধানীর গুলশানের একটি বাড়িতে সাব্বির খুন হন। সাফায়াত সোবহান সানবীর এ খুনের মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি।