জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার শেষ সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দেওয়া শুরু করেছেন।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ তদন্ত কর্মকর্তার জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।
জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের শেষ ও ২৬তম সাক্ষী সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক খান (৫৯) বলেন, ২০১০ সালের ২১ জুলাই তিনি এই মামলার তদন্ত শুরু করেন। তদন্তকালে কবে, কোথায় সাক্ষীদের পরীক্ষা করে জবানবন্দি লিপিবদ্ধ করেছেন, সেসব তারিখ তিনি জবানবন্দিতে উল্লেখ করেন। তদন্তের স্বার্থে তিনি যেসব বই জব্দ করেছেন, সেগুলোর নাম ও জব্দ করার তারিখ উল্লেখ করেন। জবানবন্দি অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।
গত বছরের ২৮ মে ট্রাইব্যুনাল নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগ গঠন করেন। গত বছরের ২৬ আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।