বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় গতকাল সোমবার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন না।
গতকাল তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন-অর-রশীদের আংশিক সাক্ষ্য গ্রহণ হয়। তাঁর অবশিষ্ট সাক্ষ্য ও তাঁকে আসামিপক্ষের জেরার জন্য ৩১ ডিসেম্বর দিন ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার।
তদন্ত কর্মকর্তা এ মামলায় রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষীর মধ্যে সর্বশেষ সাক্ষী হিসেবে গতকাল সাক্ষ্য শুরু করেছেন। ৩০ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা ইতিমধ্যে শেষ হয়েছে।
রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। গতকাল সাক্ষ্য গ্রহণের ধার্য দিন ছিল। মামলার কার্যক্রম শুরু হলে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে সময় চেয়ে আবেদন জানান। তাঁরা বলেন, খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিয়ে দেশে ফিরলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় আদালতে আসেননি। আদালত ওই আবেদন মঞ্জুর করে কার্যক্রম শুরু করেন।
১০ ডিসেম্বর সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অডিট ডিভিশনের ডিজিএম আবদুল গাফফার, ব্যাংকটির কর্মকর্তা মো. হারুনুর রশীদ, হারুনুর রশীদ ফকির ও আমিন উদ্দিন আহমেদ সাক্ষ্য দিয়েছিলেন। গতকাল তাঁদের আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। গতকাল মেট্রো মেকার্সের জ্যেষ্ঠ কর্মকর্তা রশিদ জামানও সাক্ষ্য দেন। তবে আসামিপক্ষে তাঁকে জেরা করা হয়নি।
দুদকের উপপরিচালক হারুন-অর-রশীদ এ মামলার বাদী। পরে আদালতের অনুমতি নিয়ে তিনি এ মামলার তদন্তভার গ্রহণ করেন এবং তদন্ত করেন। গতকাল সাক্ষ্যে তিনি এসব কথা বলেন।
পরে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। তিনি আশা করেন, এ মাসেই রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হবে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদক খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে দুদক।