নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলার ঘটনায় আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেছেন তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্তকারী কর্মকর্তা (আইও) মামুনুর রশীদ মণ্ডল। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তিনি সাক্ষ্য দেন। আদালত তাঁর সাক্ষ্য অসমাপ্ত রেখে ২৯ আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।
মামুনুর রশীদ মণ্ডলের আগে আদালতে রাষ্ট্রপক্ষের সাক্ষী, র্যা ব-১১-এর সাবেক সদস্য এবং বর্তমানে নীলফামারীতে কর্মরত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান মনিরকে জেরা করেন আসামি সৈনিক আসাদুজ্জামান নূরের আইনজীবী। ১ আগস্ট তিনি আদালতে সাক্ষ্য দিলেও সেদিন আসামি আসাদুজ্জামানের পক্ষ থেকে তাঁকে জেরা করা হয়নি।
আলোচিত এই মামলাটির প্রথম তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার সাবেক এসআই ফজলুল হক তালুকদার চলতি বছরের শুরুর দিকে মারা যান। দ্বিতীয় কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবদুল আউয়াল দায়িত্বপ্রাপ্ত হয়ে মাত্র চার দিন মামলাটি তদন্তের সুযোগ পান।
আদালতের সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন বলেন, মামলার শেষ সাক্ষী হিসেবে শেষ তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা শুরু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে দুইটা পর্যন্ত একটানা সোয়া তিন ঘণ্টা তিনি সাক্ষ্য দেন। ২৯ আগস্ট পরবর্তী তারিখে বাকি সাক্ষ্য গ্রহণ করা হবে। তাঁর সাক্ষ্য গ্রহণ শেষ হলে পরবর্তী সময় আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করবেন।
দুটি মামলার বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন জানান, এই মামলার তদন্তকারী কর্মকর্তা গুরুত্বপূর্ণ সাক্ষী। তিনি আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য তিন হাজার পৃষ্ঠার কেস ডকেট (সিডি) নিয়ে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন। তাঁর সাক্ষ্যে নিহত কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ, লাশ গুম এবং আসামিদের গ্রেপ্তার, রিমান্ড, ১৬৪ ধারায় জবানবন্দী, সাক্ষীদের ১৬৪ ধারায় জবানবন্দী এবং আসামিদের মুঠোফোনের কথোপকথনের কললিস্ট আদালতে উপস্থাপন করেন।
সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন আরও বলেন, রাষ্ট্রপক্ষে ১২৭ জন সাক্ষীর মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা হচ্ছেন ১০৭ নম্বর সাক্ষী। তিনি এই মামলার রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী। তাঁর সাক্ষ্য ও জেরা শেষে এই মামলার যুক্তিতর্ক শুরু হবে। রাষ্ট্রপক্ষ আশা করছে, নভেম্বর-ডিসেম্বর নাগাদ চাঞ্চল্যকর সাত খুনের মামলার রায় হতে পারে।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ফতুল্লা মডেল থানায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আরেকটি মামলা করেন।