বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ দিন ধার্য করেন। সাকা চৌধুরী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
গতকাল এই মামলায় সাক্ষ্য দেন রাষ্ট্রপক্ষের ৪০তম ও জব্দ তালিকার চতুর্থ সাক্ষী মো. কাওসার শেখ। তিনি চট্টগ্রামের বিভাগীয় গ্রন্থাগারের বুক সর্টার (বই বাছাইকারী)। এই সাক্ষী জবানবন্দিতে বলেন, ২০১১ সালের ১০ মার্চ এই মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম গ্রন্থাগারে গিয়ে দুটি পত্রিকার ২৮টি প্রতিবেদনের কাটিং জব্দ করেন। এগুলোর মধ্যে রয়েছে দৈনিক পাকিস্তান-এর দুটি কাটিং, দৈনিক আজাদী পত্রিকার ১৯৭০ সালের নয়টি ও ১৯৭১ সালের ১৭টি কাটিং। রাষ্ট্রপক্ষের সাক্ষী এই জব্দ তালিকা প্রদর্শনী হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ সাক্ষীর জবানবন্দি নেন। পরে সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। এ সময় ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে বলেন, ‘এসব প্রদর্শনী দাখিল করে ট্রাইব্যুনালের সময় নষ্ট করা হলো। এগুলোর সঙ্গে মামলার অভিযোগের কোনো সম্পর্ক নেই।’ পরে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালকে জানায়, পরবর্তী সাক্ষী হিসেবে এই মামলার তদন্ত কর্মকর্তাকে হাজির করা হবে। ট্রাইব্যুনাল ২৬ মে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।
নিজামীর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৬ মে: একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ মে দিন ধার্য করেন। গতকাল নিজামীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী মো. খলিলুর রহমানকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।
প্রথম সাক্ষীকে জেরা চলছে: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মো. দারুল ইসলাম গতকাল অল্প কিছুক্ষণ জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল-১। গত সোমবার দারুল ইসলামের জবানবন্দি দেওয়ার মাধ্যমে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়।