তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের শেষ সময় আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল মঙ্গলবার শেষ সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার এ দিন ধার্য করেন।গতকাল রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী হিসেবে এ মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক ট্রাইব্যুনালে বলেন, আসামি আলীম অসুস্থ। তিনি এ জন্য তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের দিন পুনরায় ধার্য করার আরজি জানান। পরে ট্রাইব্যুনাল ওই আবেদন গ্রহণ করে মঙ্গলবার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের শেষ দিন ধার্য করে বলেন, এবার শেষ সুযোগ দেওয়া হচ্ছে। ওই দিন আসামি অসুস্থ থাকলেও সাক্ষ্য গ্রহণ চলবে। জহিরউদ্দিন জালালকে সতর্ক করে অভিযোগের নিষ্পত্তি: জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী জহিরউদ্দিন জালালকে সতর্ক করে তাঁর বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের নিষ্পত্তি করেছেন ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল গতকাল এ-সংক্রান্ত আদেশ দেন।আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম ও জহিরউদ্দিন জালালের আইনজীবী মহসিন রশিদ এ বিষয়ে সমঝোতা করলে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।