তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় গতকাল রোববার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোহাম্মদ ইব্রাহীম হোসেনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

গতকাল এ মামলার জব্দ তালিকার সাক্ষী দুদকের উপপরিচালক সৈয়দ তাহসিনুল হক সাক্ষ্য দেন। মামুনের পক্ষে আইনজীবী ফখরুল ইসলাম সাক্ষীকে জেরা করেন। এরপর দুদকের আইনজীবী তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়ার আবেদন জানালে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। এ নিয়ে উভয় পক্ষের আইনজীবীরা দফায় দফায় তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। বিশেষ আদালত-৩-এর বিচারক মোতাহার হোসেন দুই দফা এজলাস থেকে নেমে যান। আইনজীবীরা শান্ত হলে তিনি এজলাসে ওঠেন। আদালত ৮ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

গতকাল শুরুতে মামুনের পক্ষে আইনজীবীরা সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, এই মামলা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখা হোক।

এই আবেদনের বিরোধিতা করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন। পরে আদালত আবেদন নাকচ করে সাক্ষ্য গ্রহণের আদেশ দেন। এ নিয়ে উভয় পক্ষের আইনজীবীদের তর্কবিতর্কের একপর্যায়ে আদালত বিরতি দিয়ে বেলা একটা ২৫ মিনিটে এজলাস থেকে নেমে যান। বেলা পৌনে তিনটায় বিচারক এজলাসে ওঠেন। তখন আইনজীবী ফখরুল ইসলাম সময়ের আবেদন জানালে আদালত তা নাকচ করে সৈয়দ তাহসিনুলকে জেরা করতে বলেন। আইনজীবী আংশিক জেরার পর আবার সময়ের আবেদন করলে বিচারক তা নাকচ করেন।

পরে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শুরু করতে বলেন বিচারক। পরে দুই পক্ষের আইনজীবীরা আবার তর্কে জড়িয়ে পড়লে বিকেল চারটা পাঁচ মিনিটে বিচারক এজলাস থেকে নেমে যান। পরে বিচারক ৮ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন।

২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে দুদক।