তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ, আসামিপক্ষের জেরাশুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম অঞ্চলের তৎকালীন সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরীর সাক্ষ্য দেওয়া শেষ হয়েছে। গতকাল সোমবার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর তাঁকে জেরা শুরু করেন আসামির কৌঁসুলি।

চট্টগ্রাম নগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. মজিবুর রহমানের আদালতে গতকাল বেলা পৌনে দুইটায় তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামানের অসমাপ্ত সাক্ষ্য গ্রহণ আবার শুরু হয়। এ সময় তিনি আদালতকে বলেন, অধিকতর তদন্তে পাওয়া সব সাক্ষ্যপ্রমাণ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে নতুন ১১ জনকে আসামি করা হয়। অভিযোগপত্র দাখিলের পর অস্ত্র আইনের মামলায় আসামির সংখ্যা ৫০ জনে এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৫২ জনে দাঁড়ায়।

মনিরুজ্জামান আরও বলেন, অধিকতর তদন্তকালে আগের অভিযোগপত্রের ২০ জন ছাড়াও আরও উল্লেখযোগ্যসংখ্যক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ এবং তাঁদের ১৬১ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়। পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ, সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা এবং তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রভাবশালী চারজনসহ ১১ জনের সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ পায়। প্রভাবশালী চার ব্যক্তি হলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূরুল আমিন এবং উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া।

মনিরুজ্জামান জানান, লুৎফুজ্জামান বাবর ও মতিউর রহমান নিজামী ভিন্ন মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন। পরে ১০ ট্রাক অস্ত্র মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানোর জন্য তিনি আদালতে আবেদন করেন। আদালতের অনুমতি নিয়ে তাঁদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর আদালতের আদেশে বাবরকে দুই দফা রিমান্ডে নিয়ে এবং মতিউর রহমান নিজামীকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করা হয়। আসামি নূরুল আমিন ও পরেশ বড়ুয়াকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হলেও তাঁরা পলাতক থাকায় তা সম্ভব হয়নি।

এর আগে আরও তিন কার্যদিবসে তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান সাক্ষ্য দেন। গত ২২ এপ্রিল তাঁর সাক্ষ্য নেওয়া শুরু হয়। 

আদালত সূত্র জানায়, মধ্যাহ্ন বিরতির পর বিকেল চারটায় আদালতের কার্যক্রম শুরু হলে মনিরুজ্জামানকে জেরা শুরু করেন আসামি হাফিজুর রহমানের আইনজীবী মাহমুদুর রহমান। তিনি এই মামলার আগের তদন্ত কর্মকর্তার কাছ থেকে মামলার নথি বুঝে নেওয়া এবং অধিকতর তদন্তপদ্ধতি নিয়ে কয়েকটি প্রশ্ন করেন। এরপর বিকেল সাড়ে চারটায় জেরা অসমাপ্ত রেখে আজ মঙ্গলবার পর্যন্ত আদালত মুলতবির ঘোষণা দেন বিচারক।

২০০৪ সালের ২ এপ্রিল প্রথম প্রহরে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্রের বিশাল চালানটি আটক হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা হয়।