তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ, জেরা ১৯ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

নারায়ণগঞ্জের সাত খুনের দুটি মামলায় তদন্তকারী কর্মকর্তা বর্তমানে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) মামুনুর রশিদ মণ্ডলের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা একটা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ সাক্ষ্য গ্রহণ চলে। ১৯ সেপ্টেম্বর তাঁকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন ও অব্যাহতি পাওয়া র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা, লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, লে. কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।

সরকারি কৌঁসুলি এস এম ওয়াজেদ আলী জানান, মামুনুর রশিদ মণ্ডল সাত খুনের দুটি মামলার তদন্তকালে তাঁর তদন্তের পর থেকে আসামি গ্রেপ্তার এবং তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড, আলামত সংগ্রহ, কেস ডকেট ও অভিযোগপত্রভুক্ত ৩৫ আসামি কোন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আদালতকে তা জানিয়েছেন। তিনি আদালতে গুরুত্বপূর্ণ প্রমাণাদি উপস্থাপন করেছেন; যা আদালতে বিচারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একটিসহ ফতুল্লা মডেল থানায় মোট দুটি মামলা করেন।
দীর্ঘ প্রায় এক বছর তদন্ত শেষে মামলার তদন্তকারী সংস্থা নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে একটি মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি তাঁর দায়ের করা মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ দেওয়ায় এবং প্রধান আসামি নূর হোসেনের জবানবন্দি ছাড়া অভিযোগপত্র দেওয়ায় তা প্রত্যাখ্যান করে নারাজি পিটিশন দাখিল করলে প্রথমে বিচারিক হাকিম আদালত এবং পরে জেলা ও দায়রা জজ আদালত তা খারিজ করে দেন। পরে সেলিনা ইসলাম বিউটি অধিকতর তদন্ত চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত শুনানি শেষে আদেশে বলেন, পুলিশ চাইলে মামলাটি অধিকতর তদন্ত করতে পারে। তবে মামলাটিতে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনার ধারা যুক্ত করে বিচার করার জন্য জেলা ও দায়রা জজকে নির্দেশ দেন।

গত ৮ ফেব্রুয়ারি সাত খুনের দুটি মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন। তবে র‌্যাবের আট সদস্যসহ পলাতক ১২ আসামির অনুপস্থিতিতেই বিচারকাজ শুরু হয়েছে। পলাতক ১২ আসামির পক্ষে রাষ্ট্রপক্ষের খরচে পাঁচ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ২৩ জন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। দুটি মামলাতেই অভিন্ন সাক্ষী হলো ১২৭ জন করে। এখন পর্যন্ত ১০৭ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। ১০৮ নম্বর সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল সাক্ষ্য দিলেন।