
নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ সব আসামির টেলিফোন কথোপকথনের প্রমাণপত্র আদালতে উপস্থাপন করেছেন তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল। গতকাল বৃহস্পতিবার দুই হাজার পৃষ্ঠার প্রমাণপত্র উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার সর্বশেষ সাক্ষী এবং বর্তমানে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) মামুনুর রশিদ মণ্ডলের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।
জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে গতকাল তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত তাঁকে আসামিপক্ষের আইনজীবীদের জেরার জন্য ১৯ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন।
সরকারি কৌঁসুলি এম ওয়াজেদ আলী জানান, তদন্ত শুরুর পর থেকে আসামি গ্রেপ্তার ও তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড, আলামত সংগ্রহ, কেস ডকেট ও অভিযোগপত্রভুক্ত ৩৫ আসামির কে কোন অপরাধে জড়িত ছিলেন, নিজের জবানবন্দিতে সেসব পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন তদন্ত কর্মকর্তা। আদালতের বিচারকাজে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আদালতে উপস্থাপন করা মামুনুর রশিদ মণ্ডলের প্রমাণপত্রে বলা হয়, হত্যাকাণ্ডের পর প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারের ব্যবহৃত গাড়ির নম্বরপ্লেট বদলে ফেলতে এসএমএস পাঠিয়েছিলেন র্যা ব-১১-এর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদ। এ ছাড়া মেজর আরিফ হোসেনকে এসএমএসের মাধ্যমে সরকারি মুঠোফোন ব্যবহার না করার নির্দেশ দেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। চার সহযোগীসহ নজরুল ইসলাম হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আরেকটি মামলা করেন। দীর্ঘ প্রায় এক বছর তদন্ত শেষে মামলার তদন্ত সংস্থা নূর হোসেন, র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।