জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য ১ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে গতকাল বুধবার রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী সৈয়দ আবদুল কাইয়ুমকে আসামিপক্ষের জেরা শেষ হয়। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী বলেন, এ মামলায় ঘটনার আর কোনো সাক্ষীকে হাজির করা হবে না। রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন মামলার তদন্ত কর্মকর্তা।একাত্তরে মিরপুরের বাঙলা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আবদুল কাইয়ুমকে গতকাল দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবাহান তরফদার। আসামির কাঠগড়ায় কাদের মোল্লা উপস্থিত ছিলেন। একাত্তরের ২৩ মার্চ রাতে আহত হওয়ার পর ১৬ এপ্রিল গ্রামের বাড়ি নাসিরনগরে গিয়ে স্থানীয় থানায় কোনো অভিযোগ করেছিলেন—এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, না। তবে তাঁর ওপর হামলার ঘটনায় ২৫ মার্চ ইত্তেফাক-এর প্রথম পাতায় প্রতিবেদন ছাপা হয়েছিল। তিনি সেটি হাসপাতালে থাকা অবস্থায় দেখেছিলেন।