বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আসামিপক্ষ। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সোমবার যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষ এ প্রশ্ন তোলে।আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক গতকাল তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন। এ সময় সাকা চৌধুরী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।আহসানুল হক গতকাল যুক্তি উপস্থাপনকালে বলেন, এই মামলার তদন্ত কর্মকর্তা (মো. নুরুল ইসলাম) চট্টগ্রামে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করেছেন। কিন্তু তিনি আসামিপক্ষের জেরায় একাত্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কে ছিলেন তা বলতে পারেননি। এ ছাড়া তখন চট্টগ্রামের ডিআইজি বা পুলিশ সুপার কে ছিলেন, চট্টগ্রামের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কারা ছিলেন, তা বলতে পারেননি। একাত্তরে চট্টগ্রামে পুলিশের কোনো বিশেষ বিভাগ ছিল কি না, তা-ও বলেতে পারেননি। তদন্ত কর্মকর্তা বিভিন্ন থানায় করা কোনো অপমৃত্য মামলা পর্যালোচনা করেননি বা চট্টগ্রামে কোনো থানার কোনো কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেননি। চট্টগ্রাম মহানগর পুলিশ কবে প্রতিষ্ঠিত হয়েছে তা-ও তাঁর স্মরণ নেই। এসব বিষয় থেকে বলা যায়, ট্রাইব্যুনালে দেওয়া তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা নেই।আসামিপক্ষের আইনজীবী এই মামলায় তদন্ত কর্মকর্তাকে দেওয়া রাষ্ট্রপক্ষের যে চারজন সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে সেসব জবানবন্দির বিষয়েও কিছু অসংগতি তুলে ধরেন। ওই চারজন সাক্ষী হলেন: জ্যোসনা বালা চৌধুরী, বাদল বিশ্বাস, জানকী বালা ও বাদশা মিয়া।যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। সাকা চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগ আনা হয়েছে। গত ২৮ জুলাই থেকে রাষ্ট্রপক্ষ চার দিন এসব অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন করে। অবশ্য ট্রাইব্যুনাল যুক্তি উপস্থাপনের জন্য রাষ্ট্রপক্ষকে তিন দিন ও আসামিপক্ষকে চার দিন সময় বেঁধে দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ ওই সময়ের মধ্যে যুক্তি উপস্থাপন শেষ করতে না পারায় আরেক দিন বাড়িয়ে দেওয়া হয়। আসামিপক্ষ গত বৃহস্পতিবার যুক্তি উপস্থাপন শুরু করে।