দুই আসামিকে মারধর করার ঘটনায় চান্দগাঁও থানার দুই পুলিশকে তলব করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান ৯ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।সূত্র জানায়, দুই আসামিকে মারধরের অভিযোগ তদন্ত করে একই সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য জেলা আনসার ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্টকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, আহত দুই আসামিসহ চারজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদনও নাকচ করে দেন আদালত।দুই পুলিশ কর্মকর্তা হলেন: চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের ও কনস্টেবল মো. মনির। একটি মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে জখম করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।আদালত সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি চান্দগাঁও থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়। তাঁরা হলেন: শহীদুল্লাহ (৪২), আবু জাফর (৪০), সিরাজুল ইসলাম (৩৮) ও করিম মিয়া (২০)।সূত্র জানায়, বহদ্দারহাট বাস টার্মিনাল সংযোগ সড়কের রুপালি আবাসিক এলাকার কাছে দায়িত্ব পালনের সময় কনস্টেবল মনির গাড়িচালক শহীদুল্লাহ ও আবু জাফরসহ চারজনকে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে আটক করেন। পরে চারজনকে থানায় নেওয়ার পর কনস্টেবল মনির আসামি শহীদুল্লাহ এবং আবু জাফরকে পিটিয়ে জখম করেন। এরপর তাঁদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) আবুল খায়ের।গতকাল শুনানির সময় দুই আসামিকে জখমসংক্রান্ত ডাক্তারি সনদ দাখিল করা হয়। এ ঘটনার জন্য কনস্টেবল মনিরকে দায়ী করেন দুই আসামি। এ কারণে তদন্ত কর্মকর্তা ও কনস্টেবল মনিরকে তলব করা হয়।