তদন্ত কর্মকর্তাসহ ২৩ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় একই পরিবারের পাঁচজন খুনের ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু খায়েরের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ হোসনে আরা আকতারের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলায় এ নিয়ে মোট ২৩ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো। আদালত আগামী রোববার মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী। সাক্ষ্য গ্রহণকালে আসামি মাহফুজ আদালতে উপস্থিত ছিলেন।

২০১৬ সালের ১৫ জানুয়ারি দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল খানকা মোড় এলাকায় ‘আশেক আলী ভিলা’ নামে এক বাড়ির একটি ফ্ল্যাটে একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফ্ল্যাটের তালা ভেঙে তাঁদের লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তিরা হলেন মাহফুজের মামা শফিকুল ইসলামের স্ত্রী তাসলিমা আক্তার (৪০), ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ভাই মোরশেদুল (২৫) এবং তাঁর জা লামিয়া (২৫)। এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে তাঁর ভাগনে মাহফুজ, ঢাকার কলাবাগানের ঋণদাতা নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করেন। ওই দিন রাতেই মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন গ্রেপ্তার করা হন মাহফুজ। পরে মাহফুজ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৬ সালের ৬ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের মাহফুজকে আসামি করে অন্যদের অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।