তদন্ত গুটিয়ে আনার দাবি গোয়েন্দাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালীয় নাগরিক হত্যা
ইতালীয় নাগরিক হত্যা

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার তদন্ত গুটিয়ে এনেছেন বলে জানিয়েছেন তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তারা। তাঁরা বলছেন, এ হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা যেকোনো সময় ধরা পড়বে।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, সিজার তাবেলা হত্যায় তিন মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে হত্যাকারীদের পালিয়ে যেতে সহায়তাকারী, অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীরাও শনাক্ত হয়েছে। তদন্তকারীরা বলছেন, সরকারকে বেকায়দায় ফেলতে রাজনৈতিকভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে সিজার হত্যায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) ও জঙ্গি কর্মকাণ্ডের সম্পৃক্ততা পাওয়া যায়নি।
মামলার তদন্তে গঠিত হওয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) তদন্ত কমিটির প্রধান উপকমিশনার মো. মাহবুব আলম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, হত্যায় জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে। তারা এখন গোয়েন্দাদের জালে রয়েছে। তাদের গ্রেপ্তার করা এখন সময়ের ব্যাপার।
এদিকে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজের ছবি দেখে মানুষের মধ্যে কৌতূহল জেগেছে। তাঁরা জানতে চাইছেন, এরাই সিজারের প্রকৃত খুনি কি না।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভিডিও ফুটেজে যাদের দেখা যাচ্ছে, তাদের সবাইকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হয়েছে। তারা গ্রেপ্তার হলে এসবের জবাব মিলবে।
তদন্তকারীরা সন্দেহভাজন হিসেবে যে চারজনের কথা বলছেন, তাদের একজন তামজিদ আহম্মেদ ওরফে রুবেলের নিখোঁজ থাকার ঘটনায় তার মামা তৌহিদ মিয়া গত বুধবার রাতে বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডায়রিতে তিনি বলেছেন, ১২ অক্টোবর থেকে তাঁর ভাগনে নিখোঁজ রয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, তামজিদকে উদ্ধারে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে আবেদন করবেন।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজারকে (৫১) গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি চালিয়ে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন।