তদন্ত গুটিয়ে আনার দাবি পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক ছাত্রীর বন্ধু ও তাঁর অন্য এক বান্ধবী গত সোমবার সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ও মামলা তত্ত্বাবধানকারী কর্মকর্তা কৃষ্ণপদ রায় দুজনের জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

কৃষ্ণপদ রায় গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ছাত্রী ধর্ষণ মামলার তদন্ত গুটিয়ে আনা হচ্ছে। এ-সংক্রান্ত তথ্য-উপাত্ত এবং বিভিন্ন পরীক্ষা পর বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার জন্য এখন তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ধর্ষণ মামলার প্রধান আসামিসহ পাঁচ আসামির সবাইকে ইতিপূর্বে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, তাঁর বন্ধু নাঈম আশরাফ ওরফে আবদুল হালিম, সাদমান সাকিফ, শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন। শাফাতের দেহরক্ষী রহমত আলীকে রিমান্ডে নেওয়া হলেও তিনি আদালতে জবানবন্দি দেননি।

তদন্ত তদারককারী এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিক ও শাফাতের গাড়িচালক বিল্লালের কাছ থেকে জব্দ করা পাঁচটি মুঠোফোন ও একটি পাওয়ার ব্যাংকের ফরেনসিক পরীক্ষা প্রতিবেদন কয়েক দিনের মধ্যেই পাওয়া যাবে। এই পরীক্ষায় মুঠোফোনে ধারণ করা চিত্র ও কথোপকথন উদ্ধার করা সম্ভব হতে পারে। ধর্ষণের শিকার দুই ছাত্রীর ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনও ইতিপূর্বে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে চেয়ে পাঠানো হয়েছে। ওই কর্মকর্তা বলেন, নাঈম আশরাফের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন কয়েক দিনের মধ্যে তদন্তকারী কর্মকর্তার হাতে আসবে।

ডিএমপি কমিশনারের চিঠি: বনানী থানায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে হয়রানি এবং তাঁদের সঙ্গে অসদাচরণের অভিযোগের প্রমাণ পাওয়ায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী, পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন ও গুলশান বিভাগের তৎকালীন ভারপ্রাপ্ত উপকমিশনার মানস কুমার পোদ্দারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে পুলিশের তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ওই পুলিশ কর্মকর্তাদের কারণ দর্শাতে চিঠি দিয়েছেন। দুজনই চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন।

২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। তাঁদের মধ্যে এক ছাত্রী ৬ মে বনানী থানায় মামলা করেন। মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ, তাঁর বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী ওরফে আজাদকে আসামি করা হয়।