তদন্ত চলছে, আরও তিন দিনের সময়ের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় বাসচাপায় স্কুলছাত্র মেহেদী হাসান ও পুলিশের গুলিতে মোসলেম নিহতের ঘটনায় কুচিয়ামোড়া আদর্শ উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর ঘোষিত চার দিনের শোক কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল অতিবাহিত হয়েছে। গতকালও নিহত মোসলেমের পরিবারে ছিল শোকের মাতম।এদিকে কমিটি গঠনের পর ২৪ ঘণ্টা পার হলেও গতকাল প্রতিবেদন দাখিল করতে পারেনি পুলিশ। তদন্ত চলছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় সঠিক প্রতিবেদন দাখিল করা সম্ভব হচ্ছে না বিধায় আরও তিন দিনের সময় চেয়ে আবেদন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি গতকালও কুচিয়ামোড়ায় গিয়ে নিহত মোসলেমের পরিবারের খোঁজ নেন। এ ছাড়া স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, জেলা প্রশাসক মো. আজিজুল আলম ও পুলিশ সুপার শফিকুল ইসলাম ঘটনাস্থলে যান।স্থানীয় সূত্র জানায়, মোসলেমের অন্তঃসত্ত্বা স্ত্রী গতকালও বারবার মূর্ছা যান। বাবা বেঁচে নেই তা বুঝতে পারছে না মেহেদী (৫) ও মারিয়া (৩)। তারা মাঝেমধ্যেই বাবাকে খোঁজে। তাদের সান্ত্বনা দিতে না পেরে স্বজনেরাও কান্নায় ভেঙে পড়েন।সাদা পোশাকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন উল্লেখ করে গ্রামবাসী আবদুল হান্নান বলেন, গুলি করে এক জেলেকে হত্যার পর কীভাবে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হলো? এ জন্য তিনি পুলিশ সুপার সফিকুল ইসলামকে দায়ী করে বলেন, তিনিই কলকাঠি নাড়ছেন। গ্রামবাসী ইমতিয়াজ বলেন, সরকারের উচিত উচ্চপর্যায়ে তদন্ত করে দায়ী পুলিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া; যাতে অন্য কোথাও পুলিশ এ ধরনের কাজ করতে না পারে।গত বৃহস্পতিবার ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় পুলিশের গুলিতে মোসলেম নিহত হন। এর আগের দিন একই এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় স্কুলছাত্র মেহেদী হাসান।