তদন্ত চলছে, বিশ্ববিদ্যালয় খুলতে চায় কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীর ওপর হামলার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলে দিতে চায় প্রশাসন। এজন্য তারা সব মহলের সহযোগিতা চেয়েছেন। ওই ঘটনার ব্যাপারে তদন্ত চলছে বলেও জানিয়েছে প্রশাসন।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলন চলাকালেই প্রশাসন বর্ধিত ফি প্রত্যাহারের ঘোষণা দেয়। অন্য দাবিগুলো নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসন দুই দফা বৈঠকও করেছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং তাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব মহলের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে অতি দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিতে প্রশাসন বদ্ধপরিকর।

২ ফেব্রুয়ারির ঘটনাকে ‘অনভিপ্রেত ও দুঃখজনক’ হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু ব্যক্তি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মিথ্যা, বানোয়াট এবং উসকানিমূলক তথ্য ও বক্তব্য প্রচার করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। তাদের দ্রুত সংযত হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, অন্যথায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। ওই ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয় পরিবার ‘মর্মাহত’ উল্লেখ করে বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সবার সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়া এবং সংশ্লিষ্ট সব সমস্যা সমাধানে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছাতে সবাই সচেষ্ট হবেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে।