তদন্ত চলছে, মিলছে অনিয়মের সত্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার দুই ইউনিয়নে ১০ টাকা কেজি দরের চালের তালিকা তৈরিতে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। দুই ইউনিয়নের সুবিধাবঞ্চিত দুস্থ মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে এর তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতাও মিলেছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়নে ১৫ হাজার ২৮৬ হতদরিদ্র পরিবারের লোকজনের মাঝে কার্ড দেওয়া হয়েছে। ডিলারের মাধ্যমে সেপ্টেম্বর মাসের চালও বিতরণ করা হয়েছে।
অভিযোগ উঠেছে, কামারপুকুর ও খাতামধুপুর ইউনিয়নে অনিয়ম ও কারসাজি করে সচ্ছল ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এসব সচ্ছল ব্যক্তি গত মাসের চাল উত্তোলন করেছেন। তবে কামারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা অর্থের বিনিময়ে ধনাঢ্য ব্যক্তিদের কার্ডের তালিকায় স্থান দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
ইউনিয়ন তালিকা প্রণয়ন কমিটির অন্যতম সদস্য কামারপুকুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান বলেন, কমিটিতে থাকলেও হতদরিদ্রদের তালিকা তিনি চোখেও দেখেননি। জানতে চাইলে কামারপুকুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, যেসব অভিযোগ পেয়েছেন তা তদন্ত করা হচ্ছে। অনিয়মের সত্যতাও মিলছে। তদন্ত শেষ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। যা ব্যবস্থা নেওয়ার ইউএনও নেবেন।
জানতে চাইলে কামারপুকুর ইউপির চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, তালিকা প্রণয়ন কমিটি তালিকা করেছে। ইউপি সদস্যদের স্বাক্ষরিত ওয়ার্ডভিত্তিক তালিকা নিয়ে তালিকা করা হয়েছে। বলা যায়, তালিকার ৯৮ ভাগ প্রকৃত দুস্থ। তবে কাজ করতে গিয়ে শতকরা ১/২ ভাগ সমস্যা থাকতে পারে। সমস্যা মিললে তা সংশোধন করা হবে। তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অর্থের বিনিময়ে কাউকে কার্ড দেওয়া হয়নি।
এ বিষয়ে খাতামধুপুর ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী বলেন, তালিকা প্রণয়নে ভুল হতে পারে। অনিয়মের সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে। খাতামধুপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এ কে এম শামীম বলেন, ‘তদন্তের দায়িত্ব উপজেলা খাদ্য কর্মকর্তাকে দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে। তদন্ত প্রতিবেদন ইউএনওর কাছে জমা দেওয়া হবে।’
সৈয়দপুর উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির উপজেলা তালিকা কমিটির সদস্যসচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ইউএনও মহোদয় অভিযোগ তদন্ত করতে বলেছেন। সব অভিযোগ তদন্ত করা হচ্ছে। সত্যতা মিললে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।