তদন্ত চললেও অর্ধেক চাল তুলে নিয়েছেন ডিলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় ৫০টি শিশুসদনের নামে বরাদ্দ দেওয়া ১০০ মেট্রিক টন মানবিক সহায়তার (জিআর) চাল তড়িঘড়ি করে ছাড় করাতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন বরগুনা শহরের কয়েকজন ডিলারসহ সংশ্লিষ্ট দালাল চক্রটি। ইতিমধ্যে ৫০ মেট্রিক টন চাল ওই চক্র তুলে নিয়ে গেছে।
অভিযোগ আছে, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘুষ দিয়ে এসব চাল তুলে নেওয়া হয়েছে এবং বাকি চালও ছাড় করানোর পাঁয়তারা চলছে।
গত বুধবার প্রথম আলোয় ‘নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে বরাদ্দ, বরগুনায় এতিমদের চাল লুটপাট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর গত ৩১ অক্টোবর জেলা প্রশাসকের নির্দেশে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সরেজমিন তদন্ত করে এসব চাল ছাড় দেওয়ার জন্য চিঠি দেন। তদন্তের আগে এই চাল যাতে ছাড় দেওয়া না হয়, চিঠিতে তা-ও উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চক্রটি বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর নামে দুই মেট্রিক টন করে চালের বরাদ্দপত্র জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে নিজেরা নিয়ে নেয় এবং বরগুনা সদরের তিনজন ডিলারের কাছে বিক্রি করে দেন। পাভেল আহমেদ, মানিক হাওলাদার ও স্বপন সাহা নামের চালের তিন ব্যবসায়ী তা কিনে নেন। চাল তুলতে ঝামেলা হতে পারে—এমন আশঙ্কায় প্রতিবেদন প্রকাশের পর এসব ডিলার গত বুধ ও বৃহস্পতিবার বরগুনা সদরের ৩৭টি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ ৭৬ মেট্রিক টন চালের মধ্যে ৫০ মেট্রিক টন চাল স্থানীয় খাদ্যগুদাম থেকে তুলে নিয়ে যান।
চাল ব্যবসায়ী পাভেল আহমেদ বলেন, ‘আমি এর সঙ্গে জড়িত নই। যত দূর জানি, এখনো গুদাম থেকে চাল তোলা হয়নি।’
নাম প্রকাশে অনিচ্ছুক বরগুনা খাদ্যগুদামের কয়েকজন কর্মচারী জানান, ৫০ মেট্রিক টন চাল তুলে নেওয়া হয়েছে বলে কাগজে-কলমে দেখানো হলেও মূলত এসব চাল এখনো গুদামেই আছে। রোববার (আগামীকাল) এই চাল ডিলারদের সরবরাহ করা হতে পারে।
বরগুনা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘৫০ টন চাল দুই দিনে ছাড় দিয়েছি।’ এ বিষয়ে তদন্ত চলছে। এর আগে কীভাবে এসব চাল ছাড় দিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সেটা জানি না। প্রতিষ্ঠানের প্রধানেরা বরাদ্দপত্র দেখিয়ে এসব চাল নিয়ে গেছেন।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস জানান, ২৯ অক্টোবর প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হওয়ার পর জেলা প্রশাসকের নির্দেশে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে গত ৩১ অক্টোবর সংশ্লিষ্ট তিন উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম গতকাল শুক্রবার বলেন, ‘চিঠি পাওয়ার পর আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। এর আগে কেউ চাল নিয়ে গেলে অবশ্যই সেই চাল প্রতিষ্ঠানপ্রধানদের দেখাতে হবে এবং তাঁদের প্রতিষ্ঠান শর্তানুযায়ী চাল পাওয়ার যোগ্য কি না, তা-ও যাচাই করে দেখা হবে।’