তদন্ত তদারক দল কাল ঘটনাস্থল পরিদর্শন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত তদারক দল কাল রোববার ঘটনাস্থল পরিদর্শন করবে। এ দলের নেতৃত্বে আছেন র‌্যাবের পরিচালক ফজলুর রহমান।র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক জিয়াউল আহসান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, তিন সদস্যের তদন্ত তদারক দল রোববার রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিহত সাংবাদিক দম্পতির বাসা পরিদর্শন করবে। তদন্ত কর্মকর্তা এখনো নিয়োগ হয়নি। তবে তদন্ত তদারক দল তদন্ত-সংক্রান্ত নথিপত্র দেখছে।গত ১১ ফেব্রুয়ারি ভোরে পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির লাশ উদ্ধার করে পুলিশ। তাঁদের ছুরিকাঘাতে হত্যা করা হয়। রুনির ভাই বাদী হয়ে ১২ ফেব্রুয়ারি এ ব্যাপারে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব নেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর বিভাগ)। কিন্তু প্রায় সোয়া দুই মাসেও এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। হাইকোর্টের একটি বেঞ্চ গত বুধবার মামলাটি তদন্তের জন্য র‌্যাবে স্থানান্তর করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেন।