তদন্ত থেমে আছে, ঘুরে বেড়াচ্ছেন আসামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় তিনটি মামলা হলেও তদন্ত কার্যত থেমে আছে। কিছু আসামি গ্রেপ্তার হলেও বেশির ভাগই জামিনে আছেন। তবে মূল আসামিরা কেউ ধরা পড়েননি। তাঁদের কেউ কেউ প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। সরেজমিন ঘুরে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
এলাকার ব্যবসায়ীরা জানান, এ হামলার পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে চাঁদাবাজি। আর ঘটনার দিন পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা এবং স্থানীয় আওয়ামী লীগের দুই অংশের দ্বন্দ্ব হামলাকারীদের উৎসাহিত করেছে।
ফেসবুকে মহানবী (সা.)-এর প্রতি কটূক্তির গুজব তুলে গত বছরের ২ নভেম্বর বনগ্রামের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও লুটপাট হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ৩৩টি পরিবার, ২৯টি বসতঘর, ১০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান, সাতটি মন্দির।
এ হামলার ঘটনায় বাবলু সাহা একটি এবং পুলিশ দুটি মামলা করে। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩৩ জনকে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, এঁদের মধ্যে মূল অভিযুক্তদের কেউ নেই। এ ছাড়া গ্রেপ্তারকৃতদের বেশির ভাগই এখন জামিনে রয়েছেন।
বাবলু সাহার মামলায় ২০ জনের নাম উল্লেখ আছে। এ মামলায় ৩৩ জন গ্রেপ্তার হলেও এঁদের মাত্র ছয়জন এজাহারভুক্ত। বাদী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মূল অভিযুক্ত খোকন, মানিক, ফজলু, লতিফ, সুইটদের কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ। ফজলুকে প্রকাশ্যে বনগ্রাম বাজারে ঘুরে বেড়াতে দেখা যায়। লতিফ বনগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাসের ওপর হামলারও আসামি।
এলাকার লোকজন অভিযোগ করেন, এঁরা সবাই স্থানীয়ভাবে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ গ্রেপ্তার করছে না। জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক ছকির উদ্দিন দাবি করেন, আসামি ধরার ক্ষেত্রে কারও কোনো চাপ নেই। মামলার মূল অভিযুক্তরা কেন ধরা পড়ছেন না, জানতে চাইলে তিনি বলেন, যাঁরা ধরা পড়েছেন, তাঁরাই এ মামলার মূল আসামি।
এ ছাড়া মামলাটি আপস করে ফেলার জন্য বাদী ও তাঁর আত্মীয়স্বজনকে বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। বাবলু সাহার একজন নিকটাত্মীয় জানান, স্থানীয় কালাম মুহুরী, দুলাল সরকাররা বিষয়টি আপস করে ফেলার প্রস্তাব দিয়েছেন। কালাম মুহুরী এ ঘটনায় অভিযুক্ত মানিকের বাবা।
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগ এনে ঘটনার এক দিন পর আরও একটি মামলা করেছিল পুলিশ। এ মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করে আরও দু-তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছিল। এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা ৩০। এঁদের ১৬ জন এজাহারভুক্ত।
এ মামলায় নিরপরাধ মানুষকে হয়রানি করার অভিযোগ রয়েছে। ঘটনার দুই দিন পর পুলিশ রেজাউল করিম বিশ্বাস ও দাউদ বিশ্বাস নামের দুজনকে গ্রেপ্তার করে। কিন্তু স্থানীয় ব্যক্তিদের দাবি, তাঁরা ঘটনার দিন আক্রান্ত হিন্দুদের আশ্রয় দিয়েছিলেন। এ ছাড়া ঘটনার এক মাসেরও বেশি সময় পরে পুলিশ মোজাম্মেল হোসেন মঞ্জু শেখ নামের এক ওষুধ ব্যবসায়ীকে আটক করে। পরে বাজার কমিটি ও বাবলু সাহা তাঁর জড়িত না থাকার পক্ষে হলফনামা দেন। বর্তমানে তিনি জামিনে আছেন।
তথ্যপ্রযুক্তি আইনে করা অপর মামলার এজাহারে শুরুতে কাউকে আসামি করা হয়নি। পরে বনগ্রাম বাজারের কম্পিউটার ও ফটোকপি দোকানি আমিনুল এহসান, জহুরুল ইসলাম ও স্থানীয় মো. সেলিম নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ক্ষেত্রেও মূল অভিযুক্ত খোকন গ্রেপ্তার হননি। খোকনের বিরুদ্ধে অভিযোগ, তাঁর মুঠোফোন থেকেই প্রথমে ফেসবুকে মহানবী (সা.)কে কটূক্তির বিষয়টি ছড়ানো হয় এবং তিনি ফটোকপি করে ফেসবুক পেজটি বাজারে ছড়ানোর পরিকল্পনাকারীদের একজন।
এ প্রসঙ্গে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক রওশন আলী বলেন, তাঁরা খোকনকে ধরার জন্য চেষ্টা করছেন।
ঘটনার পেছনে চাঁদাবাজি: স্থানীয় ব্যবসায়ী ও অন্যান্য অধিবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই ঘটনায় আক্রান্ত বাবলু সাহা বনগ্রাম বাজারের প্রতিষ্ঠিত ও বিত্তশালী ব্যবসায়ী। ঘটনার আগেও একাধিকবার স্থানীয় সন্ত্রাসীদের চাঁদা দিতে হয়েছিল তাঁকে। গত বছরের জুনে মেয়ের বিয়েকে কেন্দ্র করে তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। চাঁদা হিসেবে কিছু টাকা দেওয়াও হয়। কিন্তু প্রত্যাশা অনুযায়ী চাঁদা না পাওয়ায় দুর্বৃত্তদের ক্ষোভ রয়ে যায়।
এর জের ধরে স্থানীয় সন্ত্রাসী চক্র গুজব ছড়ায় যে বাবলু সাহার ছেলে রাজিব সাহার ফেসবুকে মহানবী (সা.)কে কটূক্তি করা হয়েছে। এটি ছড়িয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও দোকানপাটে হামলা করা হয়। বাবলু সাহা নিজেও তখন হামলার কারণ হিসেবে চাঁদাবাজির কথা গণমাধ্যমকে বলেছিলেন।
বাজারের একাধিক ব্যবসায়ী নিশ্চিত করেছেন, বনগ্রামে চাঁদাবাজির শুরু ২০০১ সালে। তখন প্রশাসন কঠোর হলে চাঁদাবাজি বন্ধও হয়ে যায়। এরপর আবার চাঁদাবাজি শুরু হয় ২০১০ সাল থেকে। স্থানীয় আওয়ামী লীগ-বিএনপির প্রশ্রয়ে কিছু সন্ত্রাসী এসব চাঁদাবাজির ঘটনায় জড়িত। ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় ছাড়াও জমিসংক্রান্ত ঝামেলা, ঝগড়া-বিবাদ, সম্পর্কজনিত কারণে কেউ বেকায়দায় পড়লেও এর সুযোগ নিয়ে চাঁদাবাজি করে চক্রটি।
গত বছরের ২৪ আগস্ট চাঁদার জন্য বনগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওষুধ ব্যবসায়ী গোপাল চন্দ্র ঘোষকে দিনের বেলায় স্কুলের মাঠেই লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। কেউ প্রতিবাদ পর্যন্ত করার সাহস পায়নি।