তদন্ত থেমে গেছে কার্ড জালিয়াতি মামলার

এটিএম বুথে জালিয়াতি করে টাকা তুলে নেওয়ার ঘটনায় করা চার মামলার তদন্ত থেমে গেছে। দুই মাস আগে পুলিশ বলেছিল, কার্ড জালিয়াতিতে রাজধানীর ৪০-৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত জালিয়াতির ঘটনায় বিদেশি নাগরিকসহ মাত্র সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত-তদারক কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার শেখ নাজমুল আলম গতকাল রোববার বলেন, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে। তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
মামলার আরেক তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহান বলেন, ওই সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাপারে এখনো তাঁরা হাত দিতে পারেননি।
গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারি রাজধানীতে তিনটি বেসরকারি ব্যাংকের চারটি এটিএম বুথ থেকে জালিয়াতি করে বিভিন্ন গ্রাহকের টাকা তুলে নেওয়া হয়। পরে তদন্তে জানা যায়, ওই সব বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকদের এটিএম কার্ডের ব্যক্তিগত তথ্য চুরি করে ক্লোন কার্ড বানিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে।
এ ঘটনায় বনানী ও পল্লবী থানায় করা দুটি মামলার তদন্ত করছে ডিবি। গত ২২ ফেব্রুয়ারি তারা জার্মান নাগরিক পিওতর সিজোফেন মুজারেক ও সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন কর্মকর্তা মকসেদ আলম (মাকসুদ), রেজাউল করিম ও রেফাজ আহমেদকে গ্রেপ্তার করে। পরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী হুমায়ুন কবির ও একটি ব্যাংকের কার্ড বিভাগের সাবেক কর্মকর্তা সাইফুজ্জামানকেও গ্রেপ্তার করা হয়।
ওই কার্ড জালিয়াতির রেশ কাটতে না-কাটতেই উত্তরার হোটেল কমফোর্ট ইনের মালিক আবদুল হাসনাতের বিরুদ্ধে ১ মার্চ এবং গুলশানের হোটেল সিলভার উইন্ডোর মালিক বিশ্বাস এ মালেক ও ব্যবস্থাপক শামীম হাসানের বিরুদ্ধে ২ মার্চ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করে সিটি ব্যাংক কর্তৃপক্ষ। এ দুটি মামলাও তদন্ত করছে ডিবি। গত ৪ এপ্রিল মধ্যরাতে উত্তরার ৪ নম্বর সেক্টর থেকে হোটেল কমফোর্ট ইনের মালিক আবুল হাসনাতকে গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী সিটি ব্যাংকের জ্যেষ্ঠ সহকারী ভাইস প্রেসিডেন্ট এ কে এম আইয়ুব উল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, এজাহারে উল্লেখ করা আসামিদের গ্রেপ্তার করছে না পুলিশ। শুধু বলছে তদন্ত চলছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা সন্দেহ করছেন, দুই হোটেলের পিওএস যন্ত্রে কারসাজি থাকতে পারে এবং এই কারসাজিতে হাত থাকতে পারে ইতিমধ্যে এটিএম বুথে কার্ড জালিয়াতির দায়ে গ্রেপ্তার পিওতর ও খান এয়ার ট্রাভেলসের কর্মচারী আবু জাফরের।
পিওতর আদালতে জবানবন্দিতে বলেন, পিওএস যন্ত্র জালিয়াতির পেছনে গুলশান থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবির ও খান এয়ার ট্রাভেলসের পরিচালক তৌহিদ খানের হাত রয়েছে। ফিরোজ কবির কিছু পিওএস যন্ত্র এনে দেন তৌহিদ খানকে। তৌহিদ খান পিওএস যন্ত্র জালিয়াতি করে টাকা তুলতে তাঁদের বাধ্য করেন। আর ফরিদ নাবির নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক লন্ডনপ্রবাসী তাঁকে কার্ড জালিয়াতিতে প্রলুব্ধ করেন। ২০১৪ সালের ১৩ ডিসেম্বর ফরিদ নাবিরের সঙ্গেই তিনি ঢাকায় এসেছিলেন। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, জালিয়াতিতে দেশীয় চক্রকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছেন ইউক্রেনের নাগরিক অ্যান্ড্রি ও রোমানিয়ার নাগরিক রোমিও।
ডিবির পশ্চিম বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, জালিয়াতিতে জড়িত ফরিদ নাবিরসহ দুই প্রবাসীকে আইনের আওতায় আনতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হবে। রোমিও, অ্যান্ড্রি এবং বুলগেরিয়ার আরেক নাগরিককে আইনের আওতায় নিতে ওই দুটি দেশের দূতাবাসের সহযোগিতা চাওয়া হবে।