তদন্ত দল করেছে দুদক চার মাসে প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর, বিভাগ এবং সরকারি-বেসরকারি হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দলটি আগামী চার মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন চূড়ান্ত করবে বলে এর কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে।তদন্তের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে অধিদপ্তরের সম্মেলন কক্ষ দুদককে অস্থায়ী কার্যালয় খোলার জন্য দেওয়া হয়েছে। তদন্ত দলকে সহায়তা করতে অধিদপ্তরের পরিচালক (দন্ত) অধ্যাপক মোহাম্মদ ফারুককে ফোকাল পারসন করা হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ দুদকের চিঠি ও অস্থায়ী কার্যালয়ের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, তদন্তে দুদককে সব ধরনের সহায়তা করা হবে।দুদকের পরিচালক স্কোয়াড্রন লিডার মো. তাহিদুল ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি তদন্তের জন্য গত মার্চ মাসে তিন সদস্যের তদন্ত দল গঠন করেন। দুদকের উপপরিচালক মো. নূরুল ইসলামের নেতৃত্বে তদন্ত দলের অন্য দুই সদস্য হলেন সহকারী পরিচালক এস এম সাহিদুর রহমান ও মো. মনিরুল ইসলাম।দুদকের সূত্র জানায়, তদন্ত দল অধিদপ্তর ও বিভিন্ন সরকারি হাসপাতালে কেনাকাটা, মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনা এবং নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে কি না, তা পরীক্ষা করবে। কর্মকর্তাদের যানবাহন ব্যবহারের বিষয়টিও তারা খতিয়ে দেখবে। কোনো কর্মকর্তা বা কর্মচারী অবৈধভাবে সম্পদ অর্জন করলে সে তথ্যও তদন্ত প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা হবে।দুদকের কর্মকর্তারা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিধিবিধান ও আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশও করবে দুদক। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও মেডিকেল কলেজ অনুমোদন দেওয়া যথাযথ ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে। বিভিন্ন সময় সংবাদপত্রে প্রকাশিত অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন, ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া অভিযোগ এবং সরকারের গোয়েন্দা সংস্থার প্রতিবেদন তদন্ত কর্মকর্তারা সহায়ক তথ্য হিসেবে কাজে লাগাবেন।এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রাথমিকভাবে সুনির্দিষ্ট কিছু অভিযোগ তদন্ত করবে দুদক। নাগরিকদের পক্ষ থেকে অভিযোগ জানানোর জন্য একটি বাক্স রাখা হবে। বাক্সে জমা পড়া অভিযোগ যাচাই-বাছাই করেও তদন্তের উদ্যোগ নেবে দলটি। তিনি বলেন, ‘অধিদপ্তর স্বতঃপ্রণোদিত হয়ে কোনো তথ্য দেবে না। দুদকের চাহিদা অনুযায়ী তথ্য দেবে।’