মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য তদন্ত দল গঠনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী বিশেষ তদন্ত দল বলতে কিছু নেই। সরকার আসলে নিজেদের লোক দিয়ে নিজেদের মতো তদন্ত করে বিরোধী দলের রাজনীতিকদের হয়রানি করার ষড়যন্ত্র করছে।গতকাল রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।খোন্দকার দেলোয়ার বলেন, বিরোধী দলকে নির্মূল করতেই তারেক রহমানসহ জিয়া পরিবারকে ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়ানোর চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউককে রিমান্ডে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছে সরকার।বিএনপির মহাসচিব পাবনায় সরকারি কর্মকর্তাদের ওপর সরকারি দলের নেতা-কর্মীদের হামলার নিন্দা জানান। তিনি বলেন, পাবনায় নিয়োগ পরীক্ষা ভণ্ডুলের পর সরকারি দল আবার মিছিল নিয়ে আদালত হাজির হয়েছে। তাদের লজ্জাও করে না। এ সংবাদ প্রকাশ হয়েছে বলে সরকারি দল সংবাদমাধ্যমের মালিকদের হুমকি দিচ্ছে।" সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।