তদন্ত দলের রাজাকার ক্যাম্প ও গণকবর পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই তদন্ত কর্মকর্তা গতকাল শনিবার রাজশাহীর বিভিন্ন গণকবর ও রাজাকার ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। তদন্ত দলের সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান ও পুলিশ ইন্সপেক্টর শ্যামল চৌধুরী। দুই তদন্ত কর্মকর্তা সকাল আটটার দিকে মোহনপুর উপজেলার মুগরোইল গণকবর ও সাঁকোয়া রাজাকার ক্যাম্প পরিদর্শন করেন। মুক্তিযুদ্ধে স্বজন হারানো মুগরোইলের বাসিন্দা মো. বাছের উদ্দিন ও হিসাম উদ্দিন তদন্ত দলকে গণকবর দেখান। সাঁকোয়া রাজাকার ক্যাম্প পরিদর্শনের সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান তদন্ত দলকে সহযোগিতা করেন। এরপর প্রতিনিধিদলটি রাজশাহী মহানগরের বাবলাবন বধ্যভূমি, বোয়ালিয়া রাজাকার ক্যাম্প ও বোয়ালিয়া থানার মোড়ে মোসলেম উদ্দিন শাহর বাড়ির রাজাকার ক্যাম্প এবং পাশের গণকবর পরিদর্শন করে। বাবলাবন বধ্যভূমিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মীর আবদুল কাইয়ুমসহ ১১ জনের লাশ পাওয়া গিয়েছিল। মোসলেম শাহর বাড়িতে পাকিস্তানি সেনাদের ক্যাম্প ছিল। তাঁর ছেলে সালাউদ্দিন রাজু তদন্ত দলের কাছে ’৭১-এ তাঁদের বাড়ির অবস্থার বর্ণনা দেন।সেখান থেকে প্রতিনিধিদলটি নগরের কাজলা দিঘিরপাড় বধ্যভূমি পরিদর্শন করে। এই বধ্যভূমিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুখরঞ্জন সমাদ্দারের লাশ পাওয়া গিয়েছিল। বেলা ১১টার দিকে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ শামসুজ্জোহা হলসংলগ্ন দেশের সর্ববৃহৎ বধ্যভূমি, একাত্তরে পাকিস্তানি সেনাদের ক্যান্টনমেন্ট শহীদ শামসুজ্জোহা হল ও জুবেরী আন্তর্জাতিক অতিথি ভবন, শহীদ স্মৃতি সংগ্রহশালা ও কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করে। শেষে তারা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে। তদন্ত দলটি বিকেলে দুর্গাপুর উপজেলার গগনবাড়িয়া ও জুগিশোপালশা গণকবর পরিদর্শন করে। একাত্তরে গগনবাড়িয়ায় ১৮৫ জন এবং জুগিশোপালশায় ২৮ জনকে হত্যা করা হয়।