নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্ত না করে ঢাকায় ফিরে গেল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত তদন্ত কমিটি। গতকাল বুধবার সকালে ইউজিসির তদন্ত কমিটির সদস্যদের সরেজমিন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার কথা ছিল। কিন্তু প্রতিনিধিদলটি ক্যাম্পাসে না গিয়ে দুপুরে ঢাকায় চলে যায়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় ইউজিসির তদন্ত কমিটির তিন সদস্য নোয়াখালী জেলা সার্কিট হাউসে ওঠার পর রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক তাঁদের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু সার্কিট হাউসের সামনে ও আশপাশে বহিরাগত ব্যক্তিদের আনাগোনা ও মহড়ার কারণে তাঁরা কমিটির সদস্যদের সঙ্গে দেখা না করেই ফিরে যেতে বাধ্য হন। বহিরাগত কয়েকজন যুবক গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহরের সোনাপুর এলাকায় (বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের পথে) অবস্থান করেন।
তদন্ত না করে ফিরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে কমিটির আহ্বায়ক ও ইউজিসির সদস্য মো. আখতার হোসাইন মুঠোফোনে গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমরা কেন ফিরে যাচ্ছি, তা আপনারা ভালো জানেন। সারা দেশে সরকারি, বেসরকারি ১৩০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। ইউজিসি থেকে সারা বছরই নানা কাজে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাই। কিন্তু এখানে যে পরিস্থিতির মুখে পড়তে হয়েছে, তা আর কোথাও হয়নি।’
অভিযোগ উঠেছে, ইউজিসির তদন্ত বিঘ্নিত করতে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে মহড়া দিয়েছেন বহিরাগত যুবকেরা।
এ বিষয়ে উপাচার্য এম অহিদুজ্জামান গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তদন্ত কমিটি এখনো আসেনি, আমরা অপেক্ষায় আছি। ক্যাম্পাসের অবস্থা শান্তিপূর্ণ, কোনো মহড়াও নেই, সহড়াও নেই। বাইরে কী হয়েছে, তা আমি জানি না।’ তদন্ত কমিটি ফিরে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বলে দিয়েছি সহযোগিতা করার জন্য। রেজিস্ট্রার সাহেবকে দিয়ে আমি খবর নিয়েছি। উনাদেরকে (তদন্ত কমিটি) বলা হয়েছে আসার আগে একটু খবর দিতে, কিন্তু আসেননি।’
এ বিষয়ে রেজিস্ট্রার মো. মমিনুল হক গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি সকাল ৯টা ১০ মিনিটে তদন্ত কমিটির সদস্যসচিবকে ফোন করে ক্যাম্পাসে আসার বিষয়ে জানতে চাই। তিনি আমাকে জানান তাঁরা নাশতা শেষে রওনা হবেন। কিন্তু দুপুর নাগাদও তাঁরা ক্যাম্পাসে না আসায় একাধিকবার ফোন দেওয়া হয়। কিন্তু সচিব আর ফোন ধরেননি।’
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের পক্ষ থেকে গত ফেব্রুয়ারি মাসে উপাচার্য এম অহিদুজ্জামানের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম, শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে অনিয়ম, আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আনা হয়। শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে এ-সংক্রান্ত লিখিত অভিযোগ পাঠানো হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে ইউজিসি তদন্ত কমিটি গঠন করে।