তদন্ত নিয়ে টালবাহানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে দুটি জায়গা থেকে ন্যায্যমূল্যে সরকারিভাবে খোলাবাজারে (ওএমএস) বিক্রির চাল উদ্ধার করা হলেও এই চাল কোত্থেকে গুদামে এল, এর কোনো রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। এ ব্যাপারে মামলা হলেও তদন্ত নিয়ে টালবাহানা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। উদ্ধার করা এসব চাল ওএমএসের বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক দাবি করেছে। রংপুর শহরের মাহীগঞ্জে মামা-ভাগ্নে ট্রেডার্সে অভিযান চালিয়ে র্যাব ২০ এপ্রিল ১০০ বস্তা চাল আটক করে। সেই সঙ্গে একটি ট্রাকও (ঢাকা-মেট্রো-ট-১৩৭১) আটক করা হয়। এই গুদামের স্বত্বাধিকারী হলেন মাহফুজুর রহমান ও আনিসুর রহমান। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খাদেমুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় গুদামের মালিক মাহফুজুর ও আনিসুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন। আটক করা চাল ও ট্রাক থানা পুলিশের হেফাজতে রয়েছে। মামলার অগ্রগতি প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা বলেন, উদ্ধারকৃত চাল থানায় রয়েছে। মামলাটি তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) গোলাম মাহফুজুর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আর তদন্তকারী কর্মকর্তা বলছেন, তদন্ত চলছে। এর বেশি কিছু পুলিশ জানায়নি। মামলার বাদী সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খাদেমুল ইসলাম বলেন, খোলাবাজারে চাল অবিক্রীত থাকলে তা অবশ্যই খাদ্য অফিসে অবহিত করতে হবে। কিন্তু তা না করে তাঁরা নিজেরাই গুদামজাত করছিলেন। বিষয়টি নিয়মবহির্ভূত। র্যাবের এএসপি আনোয়ার হোসেন বলেন, ‘চালগুলো উদ্ধার করে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী সময়ে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে আমরা সহযোগিতা করব।’ এদিকে পীরগঞ্জ উপজেলায় গত ৮ এপ্রিল ভেন্ডাবাড়ি এলাকার ব্যবসায়ী আবদুল হামিদের গুদাম থেকে ২০০ বস্তা ওএমএসের চাল উদ্ধার করেন ইউএনও ফিরোজ আহমেদ। পুলিশ বাদী হয়ে গুদামের মালিক আবদুল হামিদকে আসামি করে মামলা দায়ের করেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক সন্তোষ কুমার বলেন, উদ্ধার করা চাল সরকারি ওএমএসের। আমরা বিষয়টি খতিয়ে দেখছি বলে মন্তব্য করেন। সদর উপজেলার যে গুদাম থেকে চাল উদ্ধার করা হয়েছে, ওই গুদামের মালিক ও মামলার আসামি পলাতক রয়েছেন। আর পীরগঞ্জ উপজেলার গুদামের মালিক আবদুল হামিদ গ্রেপ্তার রয়েছেন।