সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে হঠাৎ করে নীরব হয়ে গেছেন পুলিশ কর্মকর্তারা। এ নিয়ে তাঁরা কোনো কথা বলতে চাইছেন না।মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, সাত দিনেও এ মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় পুলিশ কর্মকর্তারা বিপাকে পড়েছেন। এ কারণে তাঁরা গণমাধ্যমকে এড়িয়ে চলছেন।এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকালও আশ্বাসবাণী শুনিয়ে বলেছেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবেই। গতকাল সকালে গেন্ডারিয়া মিলব্যারাক শ্যুটিং রেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সাহারা খাতুন এ কথা বলেন। এ সময় তাঁকে প্রশ্ন করা হয়, কাউকে বাঁচাতে আসল ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে কি না। জবাবে মন্ত্রী বলেন, ‘আমি মামলাটি মনিটরিং করছি। কারও চাপ বা প্রভাবে এ মামলা ধামাচাপা দেওয়ার প্রশ্নই আসে না।’ দোষীদের আড়াল করতে প্রভাবশালী কারও চাপ আছে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর চেয়ে প্রভাবশালী আর কে আছেন? তিনি নিজেই মামলার বিষয়টি তদারকি করছেন, নির্দেশনা দিচ্ছেন। আর তাই পুলিশ মামলাটি ধামাচাপা দিতে পারে না। এমনকি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করবে না।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আশ্বস্ত করতে চাই, সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবেই।’চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সাত দিন পার হলেও কেউ গ্রেপ্তার হয়নি কেন—এ প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, ‘হত্যার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে তদন্তে অনেক ডালপালা বেরিয়ে আসে। সেগুলোও দেখতে হয়।’ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রভাবশালী বলেই হয়তো কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না—জনমনে ছড়িয়ে পড়া এ সন্দেহের কথা উল্লেখ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন কোনো প্রভাবশালী মহলের কথা তিনি জানেন না। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি আমির উদ্দিন, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানও উপস্থিত ছিলেন। তবে তদন্ত নিয়ে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি। ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ফ্ল্যাটে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। স্বরাষ্ট্রমন্ত্রী হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন।