বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত নিয়ে অসন্তোষ জানিয়েছে তাঁর পরিবার। হত্যায় সরাসরি জড়িত কেউ সাত দিনেও গ্রেপ্তার না হওয়ায় তাঁরা হতাশ।
এ মামলায় গ্রেপ্তার হওয়া শফিউর রহমান ফারাবীর ১০ দিনের রিমান্ডের প্রথম দিন কেটেছে গতকাল বুধবার। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম দিনের জিজ্ঞাসাবাদে ফারাবীর দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
অভিজিৎ রায়ের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় রায় বলেন, মামলার তদন্ত নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। অভিজিৎকে হুমকিদাতা ধরা পড়লেও হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া কাউকেই সাত দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফারাবীকে ধরেই যদি পুলিশ মনে করে তদন্তের অগ্রগতি হয়েছে, তা মানতে তিনি রাজি নন। তিনি বলেন, একুশের বইমেলা থেকে ফেরার পথে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর হামলা চালানো হয়েছিল। এর ১১ বছর পর একইভাবে অভিজিৎকে খুন করা হলো। এ ধরনের হত্যাকাণ্ডের যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অভিজিতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, অভিজিতের বই না ছাপাতে প্রকাশকদের হুমকি দেওয়া ও ভয় দেখানো হচ্ছে। হুমকির ঘটনায় প্রকাশনী সংস্থা শুদ্ধস্বরের মালিক মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।
অভিজিৎ হত্যা মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ফারাবী ব্লগ ও ফসবুকে অভিজিৎকে হুমকি দেওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না কিংবা হত্যাকাণ্ডেও জড়িত নন। ঘটনার পর ফেসবুকের একটি স্ট্যাটাসে ফারাবীর এক বন্ধু হতাহত দম্পতির (অভিজিৎ ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ) ছবি দিয়ে তাঁর কাছে জানতে চেয়েছিলেন, সেটা তিনি পেয়েছেন কি না। তদন্তের সঙ্গে যুক্ত মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তারা বলেন, ওই বন্ধু সম্পর্কে বিস্তারিত জানতে ফারাবীকে জেরা করা হচ্ছে।
ডিবির কয়েকজন কর্মকর্তা বলেন, ঘটনাস্থলের আশপাশে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) ছিল না। অমর একুশে বইমেলা থেকে জব্দ করা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে বইমেলায় অভিজিৎকে কেউ অনুসরণ করেছিল কি না।
ফারাবীকে গত সোমবার সকালে যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করে র্যা ব। পরে তাঁকে ডিবিতে হস্তান্তর করা হয়। মঙ্গলবার তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, মামলার তদন্তে জঙ্গিগোষ্ঠীর সম্পৃক্ততা প্রাধান্য পাচ্ছে। ফারাবী ছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় আর কাউকে আটক করা হয়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) ঢাকায় আসার জন্য তাঁদের সঙ্গে যোগাযোগ করলেও আসার দিনক্ষণ জানায়নি।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে একুশের বইমেলা থেকে ফেরার সময় টিএসসির সামনে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে অভিজিৎ রায় নিহত ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন। অভিজিতের স্ত্রী রাফিদা বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।