তদন্ত নিয়ে বাদীর অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলায় আওয়ামী লীগের নেতা মো. দুলাল ভান্ডারী হত্যাকাণ্ডে দায়ের করা মামলার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী। মামলা তুলে নিতে আসামিরা বাদীর বাড়িতে গিয়ে ও মুঠোফোনে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। দুলাল ভান্ডারী উপজেলার পুটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি দক্ষিণ কারারচর গ্রামের সমীর উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্র জানায়, গত ৯ সেপ্টেম্বর রাতে দক্ষিণ কারারচর গ্রামের একটি হাসপাতালের মাঠে দুলালকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন তাঁর ছোট ভাই লুৎফর রহমান বাদী হয়ে শিবপুর মডেল থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ১১ সেপ্টেম্বর এজাহারভুক্ত আসামি দক্ষিণ কারারচর গ্রামের আদনান সালাউদ্দিন, একই এলাকার আবু বক্কর ছিদ্দিক, ওবায়দুর রহমান ও উপজেলার শাহাপুর পাটুয়ারপাড় এলাকার মোস্তফা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।পরে ওই দিনই আদালতের মাধ্যমে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। রিমান্ডের আবেদনপত্রে উল্লেখ করা হয়, আসামিরা দুর্ধর্ষ প্রকৃতির সন্ত্রাসী। তাঁরা খুন, দস্যুতাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। খুনখারাবি তাঁদের একমাত্র পেশা। পরে রহস্যজনকভাবে তাঁদের কাছ থেকে তেমন কোনো তথ্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। ১৭ সেপ্টেম্বর পুনরায় আদালতের কাছে সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর ৭ অক্টোবর আদনান ও ওবায়দুর জামিনে মুক্তি পান। এর পর থেকে আসামিরা বাদী ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছেন। দুলালের স্ত্রী রেণু বেগম জানান, হত্যার হুমকির বিষয়টি পুলিশকে জানানো হলেও তারা কোনো ধরনের সহযোগিতা করেনি। নিহতের মামাতো ভাই রশিদউজ্জামান অভিযোগ করেন, ‘আমরা এজাহারভুক্ত আসামিদের অবস্থান সম্পর্কে পুলিশকে জানালেও তারা আসে না। যদি আসে আসামিরা তাদের সামনে দিয়ে ঘোরাঘুরি করলেও তাঁদের (আসামি) গ্রেপ্তার করা হয় না।’ মামলার বাদী লুৎফর রহমান বলেন, ‘ভাইরে মারার পর থেকে আসামি নেছার উদ্দিন, ইসহাক মিয়া ও জনি আমাদের বাড়ি এসে মামলা তুইলা নেওয়ার লাইগা কয়। যদি মামলা না তুইলা নেই তা হইলে আমারে ভাইয়ের অবস্থা করব বইলা হুমকি দেয়। পরে আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। কিন্তু পুলিশ আসামিগরে সামনে পাইয়াও ধরে না।’শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরুজ আল জালাল প্রথম আলোকে বলেন, ‘মামলার তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত একটু ধীরগতি হওয়ায় বাদী এ অভিযোগ করতে পারেন। তদন্তের কাজ অনেক এগিয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি বলতে পারছি না।’