বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল শিগগিরই দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত নিয়ে মতামত দেবে। দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন গতকাল মঙ্গলবার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সম্প্রতি বিশ্বব্যাংক এ তথ্য জানিয়েছে। আর বিশেষজ্ঞ প্যানেলের মতামত পেলে অনুসন্ধানের গতি আরও বাড়বে।এদিকে পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে এসএনসি-লাভালিনের স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্টস বা ইপিসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) গোলাম মোস্তফাকে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন দুদকের অনুসন্ধান দলের কর্মকর্তারা। এর মধ্য দিয়ে পদ্মা সেতুর পরামর্শক যাচাইয়ে দুর্নীতির অভিযোগের বিষয়ে ২৯ জনকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে সংস্থাটি।এসএনসি-লাভালিনের ডিএমডিকে জিজ্ঞাসাবাদের বিষয়ে মো. সাহাবুদ্দিন বলেন, এর আগে এই প্রতিষ্ঠানের এমডি জিয়াউল হককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অনুসন্ধানের ধারাবাহিক কাজের অংশ হিসেবে ডিএমডিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের দুজনের বক্তব্যে পার্থক্য পাওয়া যায় কি না, সে বিষয়টি যাচাই করার জন্য মূলত তাঁকে ডাকা হয়েছে। অনুসন্ধান দলের প্রধান ও জ্যেষ্ঠ উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদের নেতৃত্বে চার সদস্যের দল গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করে।এ ছাড়া গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় কলাবাগান থানায় ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে দায়ের করা ৩২ নম্বর মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মো. হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে নিয়ে এসেছেন অনুসন্ধান দলের কর্মকর্তারা। এ ছাড়া হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, ব্যবস্থাপক তুষার আহমেদ এবং সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার বরখাস্ত হওয়া ব্যবস্থাপক আজিজুর রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। নাম না প্রকাশের শর্তে এক অনুসন্ধান দলের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কার কার কাছে টাকা গেছে, সেটা বের করার চেষ্টা করা হচ্ছে।