চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেল জব্দ হওয়ার ঘটনায় পুলিশকে সহযোগিতার জন্য বন্দর, কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে আবারও নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় আদালত আরও বলেন, তদন্তের সময় একটি সংস্থা আরেকটি সংস্থার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননাসহ ফৌজদারি মামলা হতে পারে।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম শুল্ক গোয়েন্দা ও নগর গোয়েন্দা পুলিশের পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত রাষ্ট্রীয় স্বার্থে পুলিশ, কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ এবং বন্দর নিরাপত্তা বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। কোনো সংস্থা আদালতের আদেশ পালন না করলে এবং অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্বে লিপ্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হতে পারে বলে সতর্ক করেছেন আদালত।
এ সময় আদালত আবারও চট্টগ্রামে জব্দ হওয়া সূর্যমুখী তেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো, জব্দ তালিকা তৈরি এবং তদন্তে পুলিশকে সহযোগিতার জন্য চট্টগ্রাম বন্দর, কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন। আদালত এ আদেশের অনুলিপি চট্টগ্রামের কাস্টমসের কমিশনার, গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপুলিশ কমিশনার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালককে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য গত সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান আদালতে অভিযোগ করেন যে, তিনি চট্টগ্রাম বন্দরে চার ঘণ্টা অপেক্ষা করেও কাস্টমস কর্মকর্তাদের অসহযোগিতার কারণে জব্দ তালিকা তৈরি ও আলামত সংগ্রহ করতে পারেননি। একই দিন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমেদ আদালতকে বলেন, শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের তদন্ত কমিটিও ঘটনার তদন্ত করছে। তাই মামলার আলামত অন্য কোনো সংস্থার কাছে হস্তান্তর করলে তদন্ত ব্যাহত হতে পারে।
আদালত আজ তার আদেশে আরও বলেন, মামলাটি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ। আর মামলার আলামত কোনো ব্যক্তি কিংবা সংস্থার ব্যক্তিগত বা নিয়ন্ত্রণাধীন সম্পত্তি বলে দাবি করার সুযোগ নেই। কোনো সংস্থা আলামতের ওপর কোনো কর্তৃত্ব অর্জন করবে না।
গত ৬ জুন পুলিশের তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম বন্দরে কোকেন সন্দেহে সূর্যমুখী তেলের ওই চালানটি আটক করেছিল। এর পর ২৭ জুন তেলের চালানের একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। এই ঘটনায় মাদক আইনে বন্দর থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।